কাঁদতে কাঁদতে চোখের পানিও শুকিয়ে গেছে মোহছেনার
স্বামী দ্বিতীয় বিয়ে করে বউ নিয়ে থাকেন অন্যত্র। তিন ছেলে আর দুই মেয়ে নিয়ে মোহছেনা বেগম (৩৫) থাকেন বেড়িবাঁধের ধারে ছোট্ট খুপরি ঘরে। বড় ছেলে রুবেল (১৭) আর মেজো ছেলে সাকিলের (১২) সামান্য আয়ে তাঁদের পরিবারের পাঁচ সদস্যের দিন কেটে যেত কোনো রকম আধপেটা খেয়ে। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার দক্ষিণ চরমজিদ গ্রামের স্বামীহারা মোহছেনার সংসারের এই সুখও কেড়ে নিয়েছে ১০ অক্টোবর রাতের ঘূর্ণিঝড়। মেজো ছেলে সাকিল পাঁচ-ছয় মাস ধরে নদী-সাগরে জেলেদের সঙ্গে মাছ ধরে আসছে। ৮ অক্টোবর সে হঠাৎ বেঁকে বসে নদীতে যাবে না বলে। মা অনেক অনুরোধ করে বলেন, ‘নদীতে না গেলে আমরা খাব কী।’মায়ের এ আকুতি বড় ছেলে রুবেলের কানে গিয়ে পৌঁছে। রুবেল ছোট ভাই সাকিলকে অনুনয়-বিনয় করে বলে, ‘চল, এবার তোর সঙ্গে আমিও নদীতে যাব, মাছ ধরা দেখব।’ ভাইয়ের অনুরোধে রাজি হয় সাকিল। দুই ভাই মিলে অন্য জেলেদের সঙ্গে নদীতে যায়। আর ওই রাতেই তাদের নৌকাটি মেঘনার ঠেঙ্গারচরের কাছে ঝড়ের কবলে পড়ে। নৌকার মাঝি-মাল্লাসহ ১৭ জনের সবাই হেরে যায় ঝড়ের তাণ্ডবের কাছে। তাদের মধ্যে ১৩ জন ঝড়ের পর সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হয় রুবেলসহ চারজন।পরদিন সকাল আটটার দিকে অন্য একটি ট্রলার সন্দ্বীপের কাছে একটি কাঠের টুকরা ধরে ছোট্ট সাকিলকে ভাসতে দেখে উদ্ধার করে। ওই ট্রলারের জেলেরা সাকিলকে সন্দ্বীপে নদীর তীরে এক নারীর হাতে তুলে দিলে তিনি তাকে গোসল করিয়ে খাইয়ে হাতে ১০০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু সাকিলের সঙ্গে ফেরেনি তার বড় ভাই।সাকিল প্রথম আলোকে জানায়, নদীতে যখন ঝড় শুরু হয়, তখন রাত আনুমানিক তিনটা। তারা অনেক চেষ্টা করেও নৌকা ধরে রাখতে পারেনি। একসময় নৌকা ডুবে গেলে জেলেরা সবাই যে যার মতো বাঁচার চেষ্টা করে। এ সময় সে আর তার ভাই রুবেল এক টুকরা কাঠ ধরে ভেসে বাঁচার চেষ্টা করে। একসময় বড় ভাইকেও হারিয়ে ফেলে সে। কোন দিকে যে ভেসে গেছে, তা দেখেনি। তখন ঝড়ের তাণ্ডবে চারদিকের কিছুই আর দেখা যাচ্ছিল না। পরে অন্য জেলেরাও তাকে খুঁজে আর পায়নি। সন্তানকে হারিয়ে কাঁদকে কাঁদতে চোখের পানিও শুকিয়ে গেছে নিখোঁজ রুবেলের মা মোহছেনার।তিনি প্রথম আলোকে বলেন, ‘এই হোলা দুগা আছিল আঁর ঘরের বাত্তি। হিগুনের বাপ আঁর কাছে হিগুনেরে থুই চলি গেছে। এই দুই হুতের রুজি দিই কোনোমতে চাইরগা খাইতাম হাইরতাম। অহন কে আঁর চাইর (চার) হোলামাইয়্যারে খাওয়াইব। কেন্নে বাঁচুম হিগুনেরে লই।’সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, দক্ষিণ চরমজিদের নিখোঁজ রুবেলের নাম তাঁর কাছে থাকা তালিকায় রয়েছে। তালিকাটি এরই মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। সরকারিভাবে তাদের পরিবারকে যত দূর সম্ভব সহায়তার চেষ্টা চলছে।