কাঁদলেন বিএনপির প্রার্থী ফজলুর

নেতা-কর্মীদের ধরপাকড়, হামলা, ভাঙচুর, নির্বাচনী কার্যালয় বন্ধ করে দেওয়াসহ গণসংযোগে বাধাদান ও পুলিশি হয়রানির অভিযোগ তুলে বিএনপি চেয়ারপারনের উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফজলুর রহমান সংবাদ সম্মেলনে কেঁদেছেন। তিনি বলেন, তাঁর এলাকায় সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই। সে জন্য তাঁর ব্যক্তিগত অভিমত, যদি এ অবস্থার উন্নতি না হয়, তাহলে বিএনপির নির্বাচনে যাওয়া উচিত হবে না।
কিশোরগঞ্জ জেলা শহরের তমালতলা এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে গতকাল মঙ্গলবার দুপুরে ওই সংবাদ সম্মেলন হয়। তিনি সংবাদ সম্মেলনে অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে তাঁর নির্বাচনী এলাকার তিন উপজেলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানান।
ফজলুর রহমান বলেন, নির্বাচনী প্রচারণার প্রথম দিন থেকেই তিনি বৈষম্য, নির্যাতন ও অত্যাচারের শিকার হচ্ছেন। তাঁর নির্বাচনী আসনের তিন উপজেলার প্রতিটি ইউনিয়নের পাড়ায় পাড়ায় বিএনপির নেতা–কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে পুলিশ। কোনো ধরনের মামলা না থাকার পরও নেতা–কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। গায়েবি মামলার আসামি হিসেবে তাঁদের চালান দেওয়া হচ্ছে।