কাঁদলেন সাবেক সাংসদ সালাহউদ্দিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিমান্ড বাতিলের শুনানির সময় আদালতে কেঁদেই ফেললেন বিএনপির সাবেক সাংসদ দেওয়ান সালাহউদ্দিন বাবু। আজ রোববার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক সৈয়দ সিরাজ জিন্নাতের আদালতে শুনানির সময় এ ঘটনা ঘটে। 

সাভার থানার অস্ত্র ও সন্ত্রাস বিরোধী আইনের পৃথক দুই মামলায় আজ রোববার সালাহউদ্দিনসহ নয়জনের ১০ দিন করে ২০ দিন রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত পাঁচ দিন করে দশ দিন রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড বাতিলের শুনানির সময় আদালতে সালাহউদ্দিন বলেন, আমি এ দেশের নাগরিক। আমাকে রিমান্ডে নিয়ে ‘টর্চার’ করা হবে। আমি ক্যাডেটে লেখাপড়া করেছি। মেডিকেলে পড়াশোনা করেছি। একজন ডাক্তারের সম্মান নেই, একজন রাজনীতিবিদের সম্মান নাই। মাননীয় আদালত, ইমোশনাল হয়ে পড়েছি। আমি আর কিছু বলতে চাই না। আমার ডায়াবেটিস, আমার হার্টের সমস্যা আছে।
বিচারকের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, আপনার যদি দয়া হয়, তাহলে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়ার বিনীত নিবেদন করছি। এ কথার বলার সময় তাঁর কণ্ঠে ছিল কান্নার সুর।
রিমান্ড আবেদনের শুনানি শুরু হলে সালাহউদ্দিনের আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার আদালতকে বলেন, মামলার নথিপত্র পড়ার সুযোগ পাইনি। তাই রিমান্ড শুনানি কাল (সোমবার) ধার্য করা হোক। কিন্তু আবেদন নাকচের পর আসামিপক্ষের আইনজীবীরা শুনানিতে অংশ না নিয়ে আদালত কক্ষ ত্যাগ করেন। এরপর রাষ্ট্রপক্ষ শুনানি করে।
এরপর সাবেক সাংসদ সালাহউদ্দিন নিজেই রিমান্ড বাতিলের শুনানির জন্য আদালতের কাছে অনুমতি চান। আদালত তাঁকে অনুমতি দেন। আদালতকে সাবেক এই সাংসদ বলেন, আজ সকাল বাসা থেকে আমাকে ধরে নিয়ে আসা হয়েছে। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেরকম অভিযোগ থাকলে কেউ বাসায় অন্তত ঘুমাবে না। রিমান্ড মানেই পরিবারের মধ্যে আতঙ্ক। আমাদের পরিবার আতঙ্কের মধ্যে আছে। যাদের ধরা হয়েছে তারা প্রত্যেকে শিক্ষক। তাঁরা আমাকে চেনে না। আমিও তাদের চিনি না। তাঁরা আমার নামও বলেনি। আমরা দেশকে ভালোবাসি। পছন্দ করি। জনগণের ভোটে এমপি হয়েছিলাম। আমরা পালায় যাওয়ার লোক না। আমাদের জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক। ‘বিশেষ উদ্দেশ্যেই’ নিয়ে থানায় জিজ্ঞাসাবাদ করবে। সারা রাত পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে থাকবে।
অন্যদিকে রিমান্ডে নেওয়ার যুক্তি তুলে ধরেন সরকারি কৌঁসুলি খোন্দকার আবদুল মান্নান আদালতে বলেন, আসামিরা পেশাদার ‘সন্ত্রাসী’। নাশকতার সৃষ্টির জন্য সাভারের একটি বাসায় তাঁরা মিলিত হয়েছিল। ওই বাসা থেকে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। যারা পালিয়ে গেছেন তাদের গ্রেপ্তার করার জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার।
শুনানি শেষে আদালত সাবেক সাংসদ সালাহউদ্দিন, সাভারের পৌর মেয়র রেফাত উল্লাহ, মোখলেছ, শরিফুল ইসলাম, জাহাঙ্গির আলম, মঞ্জুরুল ইসলাম, শাহিনুল ইসলাম, ইসমাইল হোসেন ও সাইদুল ইসলামকে দুই মামলায় পাঁচ দিন করে দশ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।
সাভারের ওই বাসা থেকে একটি রিভলবার, ২৯ রাউন্ড গুলি এবং বোমাসদৃশ কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়েছে বলে মামলার এজাহারে বলা হয়েছে।