কাঁপল না বাবার হূদয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মাসের ফুটফুটে শিশুটিকে আছড়িয়ে হত্যা করা হয়েছে। এভাবে এতটুকু একটি শিশুকে মারতে হয়তো যমেরও হূদয় কাঁপত। কিন্তু কাঁপেনি তার জন্মদাতা বাবার হূদয়। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মধ্য কেরোয়া গ্রামের মাসুম মিঝি তাঁর শিশু মেয়েকে আছড়িয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।খোঁজ নিয়ে জানা গেছে, গ্রামের প্রভাবশালী মিঝিবাড়ির মাসুম মিঝির স্ত্রী মাহিনুর তাঁর বড় ছেলেকে মারধর করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁর স্বামী গত সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় মেয়ে উর্মিকে নির্মমভাবে আছড়াতে থাকেন। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। এরপর শিশুটির মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এলাকার প্রভাবশালী মিঝি পরিবারের ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার তুচ্ছ ঘটনায় মাহিনুর তাঁর ছেলে উজ্জ্বলকে (৫) মারধর করে। বাবা ঘরে এলে উজ্জ্বল তাকে মারধরের কথা জানায়। এতে ক্ষিপ্ত হয়ে মাসুম চিৎকার করে বলতে থাকেন, ‘তুই আমার ছেলেরে মারলি, অ্যাই তোর মেয়েরে শেষ করি দিলাম।’ এই বলে ছোট্ট শিশুটিকে আছড়াতে থাকেন তিনি। অন্যরা শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রায়পুর শহরের মাতৃছায়া হাসপাতালে নেন। কিন্তু আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা তাঁদের জানান। এদিকে মাসুম মিঝি বলেন, ‘বাচ্চাকে কোলে নিয়ে আদর করার সময় আমার হাত থেকে পড়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বাড়িতে এনে জানাজা শেষে আমরা তার দাফন করেছি।’ শিশুটির চাচা মো. লিটন জানান, তাঁর ভাই মাসুম মানসিকভাবে অসুস্থ। কোলে নিয়ে আদর করার সময় অসাবধানতাবশত তাঁর হাত থেকে পড়ে যায় শিশুটি। একাধিকবার চেষ্টা করেও পরিবারের বাধায় শিশুটির মায়ের সঙ্গে কথা বলা যায়নি। ৬ নম্বর কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, ঘটনাটি মর্মান্তিক। বাবা হয়ে নিজের শিশুটিকে কীভাবে হত্যা করলেন তা আমি বুঝতে পারছি না। রায়পুর থানার পুলিশের উপপরিদর্শক সৈয়দ জাকির হোসেন বলেন, ‘বিষয়টি আমরা জানি না। কেউ অভিযোগ করেনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’