কাঁড়ি কাঁড়ি টাকার সাতটি সেতু কাজেই আসে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেতু হয়ে গেছে, কিন্তু সংযোগ সড়ক হয়নি। কোথাও আবার সেতুর ওপারে কোনো সড়কই নেই। দু-একটি বাড়ির জন্য কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে বানানো হয়েছে সেতু। সেগুলো বৃহত্তর কাজে আসে না। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্মিত সাতটি সেতুর এ অবস্থা।
উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০১৫-১৬ অর্থবছরে সরাইলের পল্লি এলাকায় নয়টি সেতু নির্মাণে ঠিকাদার নিয়োগ করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের মাধ্যমে বাস্তবায়িত এসব সেতুর জন্য প্রাক্কলন ব্যয় নির্ধারণ করা হয় ২ কোটি ৬৩ লাখ ৬২ হাজার ৪২২ টাকা। সাতটি সেতুর নির্মাণকাজ গত জুন মাসে শেষ হয়েছে। বাকি দুটির মধ্যে একটির কাজ সামান্য হয়েছে। অপরটির কাজ শুরুই হয়নি। কাজ শেষ হওয়া তিনটি সেতুর জন্য পুরো অর্থ সংশ্লিষ্ট ঠিকাদারকে পরিশোধ করা হয়েছে। বাকি চারটির সংযোগ সড়ক নির্মাণ না করায় ঠিকাদারকে ১ লাখ টাকা করে কম দেওয়া হয়েছে। সামান্য কাজ হওয়া সেতুটির ঠিকাদার ১০ লাখ টাকা তুলে নিয়েছেন। সব মিলিয়ে আটটি সেতুর জন্য ২ কোটি ৪ লাখ ৫৭ হাজার ১১৬ টাকা এরই মধ্যে ব্যয় হয়েছে।
নির্মাণকাজ শেষ হওয়া সেতুগুলো হচ্ছে উপজেলার চুন্টা ইউনিয়নের বড়াইল গ্রামের কুমারপাড়া খালের ওপর ২৬ ফুট সেতু, কালীকচ্ছ ইউনিয়নের কালীকচ্ছ নন্দীপাড়ায় ইন্দোকোনা খালের ওপর ৪০ ফুট, শাহজাদাপুর ইউনিয়নের ডাল্লাপাড়ায় খালের ওপর ৪০ ফুট, নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডায় বইতুল্লার বাড়ি-সংলগ্ন খালের ওপর ৪০ ফুট, একই গ্রামের সিরাজুল ইসলামের বাড়ির কাছে খালের ওপর ২৬ ফুট, পানিশ্বর ইউনিয়নের বেড়তলা গ্রামে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে খালের ওপর ৪০ ফুট এবং একই ইউনিয়নের শান্তিনগর গ্রামে খালের ওপর ৩২ ফুট সেতু।
সরেজমিনে ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এ সাতটি সেতুই নির্মাণ করা হয়েছে আশপাশের দু-একটি পরিবারের সুবিধার্থে। সংশ্লিষ্ট পরিবারের কাছ থেকে ঘুষ নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। ছয়টি সেতুর পাশে কোনো সড়কই নেই। একটিতে আছে, তা-ও কেবল হাঁটার পথ। আর চারটি সেতুর সংযোগ সড়কের স্থানে কোনো মাটি ফেলা হয়নি। দুটোতে যেনতেনভাবে মাটি ফেলা হয়েছে, যা দিয়ে পায়ে হাঁটাও দায়।
বড়াইল গ্রামের কুমারপাড়া খালের ওপর সেতু নির্মাণে ব্যয় হয়েছে ২১ লাখ ৩৫ হাজার ৮৯১ টাকা। এ সেতুর পাশে কোনো সড়ক নেই। সংযোগ সড়কও বানানো হয়নি। সেতুর উত্তর পাশের তিনটি বাড়ির বাসিন্দাদের জন্য বানানো হয়েছে সেতুটি। গ্রামবাসী বলছে, নিকট ভবিষ্যতেও সেতুটি কাজে লাগার সম্ভাবনা নেই।
নন্দীপাড়া ইন্দোকোনা খালের ওপর সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩২ লাখ ৫২ হাজার ৬৫৩ টাকা। যেনতেনভাবে বানানো সংযোগ সড়ক দিয়ে হেঁটে পার হওয়াই দায়। সেতুর পর কোনো সড়ক নেই। সেতুর পূর্ব পাশে আছে তিনটি বাড়ি।
ডাল্লাপাড়া খালের ওপর সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩২ লাখ ৫২ হাজার ৬৫৩ টাকা। সাতটি সেতুর মধ্যে কেবল এটির দুই পাশে রাস্তা আছে। অবশ্য সেটি সড়ক নয়, গোপাট (গ্রাম্য পায়ে হাঁটার পথ)। তবে নির্মিত হয়নি সংযোগ সড়ক।
বুড্ডা বইতুল্লার বাড়ি-সংলগ্ন খালের ওপর সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩২ লাখ ৫২ হাজার ৬৫৩ টাকা। সেতুটির উভয় পাশে সড়ক বা সংযোগ সড়ক কোনোটিই নেই। গ্রামের ইউপি সদস্য অলি আহাদের অভিযোগ, গ্রামের মাঝখানে সেতু হওয়ার কথা ছিল। সেখানে সড়ক আছে। কিন্তু দেড় লাখ টাকা ঘুষ নিয়ে গ্রামের শেষ প্রান্তে শুধু একটি বাড়ির জন্য সেতু বানানো হয়েছে।
একই গ্রামের সিরাজুল ইসলামের বাড়ি-সংলগ্ন খালের ওপর সেতু নির্মাণে ব্যয় হয়েছে ২১ লাখ ৩৫ হাজার ৮৯১ টাকা। এখানেও যেনতেনভাবে নির্মিত সংযোগ সড়ক দিয়ে হেঁটে পার হওয়া দায়। তেমনি সেতুর পর কোনো সড়ক নেই। দু-তিনটি বাড়ির জন্য বানানো হয়েছে সেতুটি।
পানিশ্বর ইউনিয়নের বেড়তলা গ্রামে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সুলতান মিয়ার বাড়িসংলগ্ন সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৩২ লাখ ৫২ হাজার ৬৫৩ টাকা। এখানেও কোনো সড়ক বা সংযোগ সড়ক নেই। মাত্র একটি বাড়ির জন্য সেতুটি বানানো হয়েছে।
একই ইউনিয়নের শান্তিনগর গ্রামে নির্মিত সেতুতে ব্যয় হয়েছে ২৫ লাখ ৭৪ হাজার ৭২২ টাকা। এখানেও সংযোগ সড়ক ও রাস্তা কোনোটাই নেই। পাঁচ-ছয়টি বাড়ির বাসিন্দাদের জন্য সেতুটি নিয়ে গ্রামের বাসিন্দা শাহেদ মিয়া (৬৫) বলেন, ‘এহানে বিশাল এলাকাজুড়ে সেতু বানাইছে। এইডা দিয়া তো বাস-ট্রাক চলবে না। এহানে ছোট্ট একটা কালভার্ট বানাইলেই তো হতো।’
এর বাইরে পানিশ্বর ইউনিয়নের দেওবাড়িয়া গ্রামে বোয়ালিয়া খালের ওপর ৪০ ফুট সেতুর সামান্য কাজ হয়েছে। তবে এরই মধ্যে ঠিকাদার ১০ লাখ টাকা তুলে নিয়েছেন।
অভিযোগের বিষয়ে পিআইও মিজানুর রহমান বলেন, ‘আমি এখানে অতিরিক্ত দায়িত্বে আছি। যা হওয়ার আগেই হয়ে গেছে।’ এসব সেতু নির্মাণের দায়িত্বে থাকা তৎকালীন পিআইও আবুল কালাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘স্বল্প সময়ের মধ্যে স্থান নির্ধারণ করতে গিয়ে কিছুটা এদিক-সেদিক হতে পারে। অনেক কাজ করতে হয়েছে মাত্র এক দিনের মধ্যে। এসব ক্ষেত্রে স্থান পরিদর্শনের সুযোগ থাকে না। তা ছাড়া টপ টু বটম ম্যানেজ করেই আমাদের চলতে হয়।’
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা প্রথম আলোকে বলেন, সেতুগুলো নির্মাণে নানা অনিয়মের অভিযোগ তাঁর কাছেও এসেছে। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।