কাইকারটেক হাটে বর্ষায় নৌকা কেনাবেচা

বর্ষায় খাল-বিলে পানি বাড়ে। নিচু এলাকা তলিয়ে যায়। চলাচলের জন্য লাগে নৌকা। মাছ ধরতে জেলেদের দরকার হয় নৌকার। তাই অনেকেই নতুন নৌকা কেনেন। এ জন্য বসে নৌকার হাট। এমনি একটি হাট নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাইকারটেক হাট।
গতকাল রোববার হাটে গিয়ে দেখা যায়, নৌকা বেচাকেনা করতে লোকজন আসছেন। এলাকাবাসী ও নৌকা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোনারগাঁ ও বন্দর উপজেলার সীমান্তবর্তী এ হাট ব্রহ্মপুত্র নদের তীরে প্রায় ২০০ বছর ধরে চলে আসছে। প্রতিবছরের মতো এবারও বর্ষার শুরু থেকে সোনারগাঁ, বন্দর, রূপগঞ্জ, আড়াইহাজার ও মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকার মানুষ বিশেষ করে ব্রহ্মপুত্র, মেঘনা ও শীতলক্ষ্যাপারের মানুষ নৌকা কেনার জন্য কাইকারটেক হাটে আসছেন। ঐতিহ্যবাহী এ হাটকে কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকে ক্রেতাদের আনাগোনা লক্ষণীয়।
হাটে নৌকা বিক্রি করতে আসা গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামের আলী আকবর মিয়া বলেন, ‘হাটে প্রথমে আমার দাদা, পরে বাবা আর ৩১ বছর ধরে আমি নিজেও নৌকা বিক্রি করে আসছি। বর্ষা মৌসুমে মানুষ ছোট ছোট এসব নৌকা দিয়ে চলাচল করে। আবার বর্ষা মৌসুমকেন্দ্রিক গ্রামের বিলে জেলেরা বড়শি ও জাল পেতে মাছ ধরার কাজে এসব নৌকা ব্যবহার করেন।’
নৌকা বিক্রেতা আমজাদ হোসেন বলেন, এ হাটটি ২০০ বছরের পুরোনো। নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলার মানুষ এ হাটের নৌকার ক্রেতা ও বিক্রেতা। ছোট ছোট এসব নৌকার দাম পড়ে ৩ হাজার ৮ হাজার টাকা পর্যন্ত।
নৌকা কিনতে আসা বন্দর উপজেলার সাবদি গ্রামের নোয়াব মিয়া বলেন, ‘৪ হাজার টাকা দিয়ে একটি নৌকা কিনলাম। এ হাটে কম দামে ভালো নৌকা পাওয়া যায়, তাই আমরা এখানে আসি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম বলেন, ঐতিহ্যবাহী এ হাটের উন্নয়নে ইতিমধ্যে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে।