কাইয়ুম চৌধুরী ছিলেন বাংলাদেশের এক সাংস্কৃতিক মহীরূহ

পারিবারিকভাবে সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা কাইয়ুম চৌধুরী জীবনের শেষ দিন পর্যন্ত শিল্পের সঙ্গেই ছিলেন। তিনি ছিলেন বাংলাদেশের এক সাংস্কৃতিক মহীরূহ। তাঁর চিত্রকলা বাংলাদেশের সাংস্কৃতিক উত্তরাধিকারকে ধারণ করেছে বিপুল বৈভবে।
আজ মঙ্গলবার বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলার মূল মঞ্চে শিল্পী কাইয়ুম চৌধুরী শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রয়াত কাইয়ুম চৌধুরীকে এভাবেই মূল্যায়ন করেন বক্তারা।
বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে শিল্পী রফিকুন নবী বলেন, ‘ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে পাথেয় করে সম্ভবত কাইয়ুম চৌধুরীই সবচেয়ে বেশি ছবি এঁকেছেন। কখনো সরাসরি বক্তব্যকে প্রধান করে, কখনো বা প্রতীকী অবয়বে। এই ছবিগুলি দেশের চিত্রকলার ক্ষেত্রে বিশেষ সম্পদ হিসেবে বিবেচিত হওয়া উচিত। শিল্পী কাইয়ুম চৌধুরী দেশের বরেণ্য শিল্পীর আসনে অধিষ্ঠিত।
আলোচনা অনুষ্ঠানে রফিকুন নবী মূল প্রবন্ধ পড়ে শোনান। তিনি বলেন, দেশে বিদেশে পুরস্কৃত হয়েছেন কিন্তু কাইয়ুম চৌধুরী সব সময়ই মনে করতেন তাঁর শিল্পী জীবনের বড় প্রাপ্তি বাংলাদেশের মতো অপূর্ব সুন্দর দেশটিতে জন্মেছিলেন এবং দেশের মানুষের ভালোবাসা পেয়েছিলেন। চিত্র ও ব্যক্তিত্বে এমন অসাধারণ সুন্দর মানুষটির কোনো মৃত্যু নেই।
এতে আলোচনায় অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, শিল্প সমালোচক মইনুদ্দীন খালেদ এবং প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। সভাপতিত্ব করেন শিল্পী সমরজিৎ রায় চৌধুরী।
আলোচকেরা বলেন, চিত্রকলার উদ্ভাবনময়তা, শিল্পসংগঠন শক্তি ও নান্দনিক ভাবনায় কাইয়ুম চৌধুরী পরিণত হয়েছিলেন সাংস্কৃতিক রুচির এক অনন্য নির্মাতায়। তাঁর শিল্পসত্তা ছিল বহুমাত্রিক; বিচিত্রমুখী। লোকজ উপাদানকে তিনি তাঁর চিত্রকলায় ফুটিয়ে তুলেছেন অপূর্ব চারুদক্ষতায়।
সভাপতির বক্তব্যে সমরজিৎ রায় চৌধুরী বলেন, সুদীর্ঘকাল ধরে কাইয়ুম চৌধুরীর রেখা ও রঙে বাংলার চিরায়ত প্রকৃতি ও মানুষ যে অনন্য রূপ-ব্যঞ্জনায় ভাস্বর হয়ে উঠেছে, তা কখনো বিস্মৃত হবার নয়। লোকশিল্পকলার বিষয় ও আঙ্গিক তাঁর চিত্রভুবনকে করেছে একই সঙ্গে জনলগ্ন ও রুচিস্নিগ্ধ। বাংলাদেশের সব প্রগতিশীল রাজনৈতিক-সাংস্কৃতিক আন্দোলনের আমৃত্যু শিল্পযোদ্ধা কাইয়ুম চৌধুরী বেঁচে থাকবেন বাংলার লালে ও সবুজে।
আজ ছিল অমর একুশে গ্রন্থমেলার ১৭তম দিন। মেলায় আজ নতুন বই এসেছে ১২০টি। আজ ১১টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।