
‘কাইয়ুম চৌধুরী আমাদের লোকঐতিহ্যকে তুলে ধরেছিলেন আধুনিকতার সঙ্গে। তিনি বইয়ের প্রচ্ছদের মাধ্যমে শিল্প করেছেন। ব্যবহারিক ও সৃজনশীল শিল্পের দুক্ষেত্রেই তিনি ছিলেন সম্রাট। এ দেশের শিল্প আন্দোলনের অগ্রদূত কাইয়ুম চৌধুরী ছিলেন শিল্পের যোদ্ধা।’
চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর মৃত্যুতে গতকাল বৃহস্পতিবার বাংলা একাডেমি আয়োজিত নাগরিক শোকসভায় বক্তারা এভাবেই তাঁকে স্মরণ করেন। একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজন করা হয় এ শোকসভার।
ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘তাঁর প্রচ্ছদ ও অলংকরণে নিজস্বতা, মৌলিকতা ও নান্দনিকতা ছিল, যা আকৃষ্ট করত। লোকশিল্পের প্রেরণাকে তিনি নিজের মতো করে রীতিবদ্ধ করে নিয়েছিলেন। কাইয়ুম চৌধুরীর আঁকায় এতটাই মৌলিকত্ব ছিল যে তাঁর আঁকা মানুষ, নদী, গাছ, মুক্তিযোদ্ধা দেখলেই বোঝা যেত এটা তাঁর আঁকা।’
আনিসুজ্জামান বলেন, ‘অপরিসীম শূন্যতা সৃষ্টি করে তিনি চলে গেলেন। তাঁর মৃত্যুর সময় এক হাত দূরে দাঁড়িয়ে ছিলাম, এটি ভুলতে পারছি না।’
কাইয়ুম চৌধুরী যেদিন মারা যান, সেদিন রাতেই তাঁকে নিয়ে লেখা কবিতার অংশবিশেষ পড়ে শোনান কবি ও লেখক সৈয়দ শামসুল হক। আবেগময় কণ্ঠে কবি পড়েন, ‘চলে যাচ্ছো, যেয়ো না, দাঁড়াও। দাঁড়াবে না, যাবেই তাহলে। চিত্রপটে শেষ টান দিয়ে যাও।’
শিল্পী হাশেম খান বলেন, ‘তিনি একজন শুদ্ধ শিল্পী ছিলেন। কাইয়ুম চৌধুরী নিজেকে বারবার আবিষ্কার করেছেন। তিনি অনুপ্রাণিত হয়েছিলেন তাঁর গুরু জয়নুল আবেদিন, কামরুল হাসানের মাধ্যমে। তিনি আমাদের সমাজের রুচি বদলে দিয়েছেন।’
কাইয়ুম চৌধুরীর ছেলে মঈনুল ইসলাম শোকসভার নির্ধারিত বক্তা ছিলেন না, তবু আয়োজকদের অনুরোধে বাবাকে স্মরণ করে তিনি বলেন, ‘শিল্প সৃষ্টি ছিল তাঁর একমাত্র অন্বেষণ। বাবা যে কাজ রেখে গেছেন, সেগুলো থেকে মানুষ যাতে আরও শিখতে পারে, সে ব্যবস্থা করতে চাই।’
অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সাহিত্য সাময়িকী কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত প্রমুখ। সভার শুরুতেই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।