কাইয়ুমের ভাই মতিনের নির্দেশে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালীয় নাগরিক হত্যা
ইতালীয় নাগরিক হত্যা

ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুম ওরফে কাইয়ুম কমিশনারের ছোট ভাই এম এ মতিনের নির্দেশে ইতালীয় নাগরিক সিজার তাবেলাকে হত্যা করা হয়েছে। বিনিময়ে পাঁচ লাখ টাকা দেওয়ার অঙ্গীকার করেছিলেন মতিন।
গতকাল রোববার ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা বলেছেন মিনহাজুল আরেফিন ওরফে ভাগনে রাসেল। আদালত সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে। জবানবন্দি শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২-এর ৯০ নম্বর সড়কে ফুটপাতে সিজারকে (৫১) গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ রাসেলকে গ্রেপ্তার করে।
আদালত সূত্র জানায়, জবানবন্দিতে রাসেল জানিয়েছেন, ‘বাড্ডা এলাকার সাবেক ওয়ার্ড কমিশনার কাইয়ুমের ছোট ভাই মতিনকে বড় ভাই হিসেবে শ্রদ্ধা করতেন। বাড্ডা এলাকায় বসবাস করায় তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল। গত ২২ সেপ্টেম্বর বাড্ডায় তাঁর সঙ্গে আমার দেখা হয়। কথার একপর্যায়ে মতিন ভাই জানান “একটা কাজ করে দিতে পারব কিনা।” জবাবে হ্যাঁ বললে তিনি বলেন, ‘গুলশান এলাকায় একজন বিদেশিকে গুলি করে হত্যা করতে হবে।’ এ ব্যাপারে তিনি বন্ধু চাক্কি রাসেলের সঙ্গে যোগাযোগ করতে বলেন। মতিন তাঁকে বলেন, ‘তুই চাক্কি রাসেলের সঙ্গে যোগাযোগ কর।’ এরপর তিনি চাক্কি রাসেলের সঙ্গে যোগাযোগ করেন।
১৬৪ ধারার জবানবন্দিতে রাসেল আরও বলেন, ‘মতিন ভাইয়ের সঙ্গে আমার এই আলাপ হওয়ার পর তিনি চাক্কি রাসেলের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে এ ব্যাপারে কথা বলেন। এরপর মতিন ভাই, আমাদের গুলশান এলাকায় বিদেশিকে গুলি করে হত্যা করার নির্দেশ দেন। এ জন্য তিনি আমাদের পাঁচ লাখ টাকা দিতে অঙ্গীকার করেন। তাঁর নির্দেশনায় চাক্কি রাসেলের পরিকল্পনায় বিদেশি নাগরিককে গুলি করে হত্যা করি।’
এর আগে গত ২৬ অক্টোবর গুলি করে সিজার তাবেলাকে হত্যা করার কথা আদালতে স্বীকার করেন মামলার অন্য আসামি তামজিদ আহম্মেদ ওরফে রুবেল।
এ ঘটনায় গ্রেপ্তার অপর দুই আসামি রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেল ও শাখাওয়াত হোসেন বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। গত ২৬ অক্টোবর তাঁদের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।