কাইয়ুমের ভাইয়ের কাজে মোটরসাইকেল নেন রাসেল
রাজধানীর গুলশানে ইতালির নাগরিক সিজার তাবেলা (৫১) হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া শাখাওয়াত হোসেন ওরফে শরীফ আজ সোমবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে শাখাওয়াত স্বীকারোক্তিমূলক এই জবানবন্দি দেন। জবানবন্দি শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
জবানবন্দিতে শাখাওয়াত বলেন, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুম ওরফে কাইয়ুম কমিশনারের ছোট ভাই এম এ মতিনের কাজের জন্য মিনহাজুল আরেফিন ভাগনে রাসেলকে তিনি মোটরসাইকেল দিয়েছিলেন। তিনি বলেন, ভাগনে রাসেল এলাকার ভাই। রাসেল মাঝেমধ্যে তাঁর কাছ থেকে মোটরসাইকেল নিয়ে যেতেন। ঘটনার দিন বিকেলে দুই ঘণ্টার জন্য রাসেল তাঁর কাছে মোটরসাইকেল চান। মোটরসাইকেলের নিবন্ধন নম্বর না থাকায় প্রথমে তিনি দিতে রাজি হননি। রাসেল তাঁকে বলেন, কমিশনার কাইয়ুম ভাইয়ের ছোট ভাই মতিন ভাইয়ের একটা কাজ করে দিতে হবে। এ জন্য মোটরসাইকেল প্রয়োজন। মতিন ভাইয়ের কথা বলায় তিনি মোটরসাইকেল দেন। কিন্তু দুই ঘণ্টা পরও মোটরসাইকেল ফেরত না দেওয়ায় তিনি কয়েকবার রাসেলকে ফোন করেন। কিন্তু তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল ফেরত দেন।
এর আগে গতকাল রোববার একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মিনহাজুল আরেফিন ওরফে ভাগনে রাসেল।
এ নিয়ে এ মামলায় গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। বাকি দুজন হলেন মিনহাজুল আরেফিন ওরফে ভাগ্নে রাসেল, তামজিদ আহম্মেদ ওরফে শুটার রুবেল। অপর আসামি রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেল পুলিশ হেফাজতে আছেন। এই চার আসামিকে গত ২৬ অক্টোবর পুলিশ গ্রেপ্তার করে।
সেপ্টেম্বরের ২৮ তারিখে সন্ধ্যায় রাজধানীর গুলশান ২-এর ৯০ নম্বর সড়কের গভর্নর হাউসের সীমানা প্রাচীরের বাইরের ফুটপাতে সিজার তাবেলাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গুলি করার পর তিনজন মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পুলিশ এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার ও একটি সাদা রঙের মোটরসাইকেল আটক করে।