কাইয়ুম চৌধুরীর প্রদর্শনীতে ঘরভরা মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ঢুকতেই সরাসরি চোখ পড়ে পশ্চিম দেয়ালে বড় পর্দায়। তাতে চলছে শিল্পী কাইয়ুম চৌধুরীকে নিয়ে প্রামাণ্যচিত্র। সেখানে শিল্পী তাঁর নিজের শিল্পভাবনার কথা বলছেন। তাঁর বন্ধু ও শিল্পসমালোচকেরা বলছেন তাঁর শিল্পকর্মের বৈশিষ্ট্য নিয়ে। ভেসে উঠছে তাঁর বিভিন্ন মাধ্যমের কাজ। কখনো নৌকায় ভেসে যেতে যেতে তিনি গুনগুন করছেন ‘আমি তোমায় যত শুনিয়েছিলেম গান...।’ আর গ্যালারির দেয়াল ও মেঝেতে লম্বা স্ক্রলে শিল্পীর বিভিন্ন পর্যায়ের বৈচিত্র্যময় শিল্পসম্ভার।
প্রথম আলোর আয়োজনে জনশিল্পের কিংবদন্তি শিল্পী কাইয়ুম চৌধুরীর ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ৯ মার্চ থেকে শুরু হয়েছে এই প্রদর্শনী। নির্ধারিত ছিল ১২ মার্চ পর্যন্ত। তবে দর্শকদের অনুরোধে প্রদর্শনীর মেয়াদ আরও তিন দিন, ১৫ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ শনিবার বিকেল চারটায় বিশেষ অনুষ্ঠানও রয়েছে। এতে আলোচনা করবেন সৈয়দ জাহাঙ্গীর, ফয়জুল লতিফ চৌধুরী ও মইনুল হোসেন। পরে গান শোনাবেন শিল্পী ফরিদা পারভীন, আবৃত্তি করবেন জাহীদ রেজা নূর। প্রদর্শনী প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
শিল্পী কাইয়ুম চৌধুরী প্রথম আলোর জন্মলগ্ন থেকেই পত্রিকাটির সঙ্গে যুক্ত ছিলেন। ছিলেন এর শিল্প উপদেষ্টা। তিনি পত্রিকাটির মাস্ট হেড, বিভিন্ন পাতার সজ্জা, অলংকরণ, বিশেষ সংখ্যার প্রচ্ছদ, ক্যালেন্ডারসহ আমৃত্যু যে বিপুল বৈচিত্র্যময় কাজ করেছেন, তারই কিছু নমুনা নিয়ে শিল্পীর জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করে এই প্রদর্শনীর আয়োজন। এ ছাড়া আছে তাঁর কিছু বইয়ের প্রচ্ছদ, জলরং, প্যাস্টেল ও অ্যাক্রিলিকের কাজ।
প্রদর্শনীর শিল্পসম্ভার উপস্থাপনার আঙ্গিকটিও বেশ আকর্ষণীয়। দেয়ালের পাশ দিয়ে ছাদ থেকে মেঝে পর্যন্ত লম্বা স্ক্রল ঝুলিয়ে দেওয়া। আবার মেঝেতেও সরু কালো লোহার ফ্রেমে উল্লম্ব করে এসব স্ক্রল কোথাও স্বতন্ত্রভাবে, কোথাও থামগুলোর চারপাশ ঘিরে জ্যামিতিক বিন্যাসে সাজানো। স্ক্রলগুলোর মাঝখানে, গড়পড়তা লোকের মাথাসমান উঁচুতে—ডিজিটাল প্রিন্টে রয়েছে প্রথম আলোতে শিল্পীর হরেক রকম গ্রাফিক শিল্পের নমুনা। তাতে রয়েছে বিভিন্ন পাতার শিরোনাম, লোগো, বিশেষ সংখ্যার পৃষ্ঠাসজ্জা, গল্প-কবিতার অলংকরণ, বর্ণমালা ইত্যাদি।
গ্যালারির পশ্চিম অংশের তিন পাশের দেয়ালে রয়েছে তাঁর কয়েকটি শিল্পকর্ম। জলরঙের কাজগুলোতে রয়েছে নৌকা, নদী ও নিসর্গ। পশ্চিম পাশে দুটি প্যাস্টেলের কাজ। নারী প্রতিকৃতি। এরপর ছোট আকারে দুটি আত্মপ্রতিকৃতি। চারকোল ও কালিকলমের ড্রয়িং। এরপরে রয়েছে অ্যাক্রিলিকের কাজ। আর বড় পর্দায় বেঙ্গল ফাউন্ডেশন নির্মিত প্রামাণ্যচিত্রটি তো চলছেই। সব মিলিয়ে পুরো প্রদর্শনীটি একটি আলাদা স্থাপনাকর্মের ব্যঞ্জনাও সৃষ্টি করেছে। উপরন্তু গ্যালারির সামনে প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশনসের বই বিক্রির ব্যবস্থাও রয়েছে।
গতকাল সারা দিনই ছিল বিপুল দর্শক সমাগম। বিশেষ করে বিকেলে ছিল ঘরভরা লোক। কমলাপুরের ব্যবসায়ী শফিউল্লাহ এবং বাসাবোর চাকুরে মঈন সরকার জানালেন, বইয়ের প্রচ্ছদ, পত্রিকার পাতায় প্রকাশিত ছবি, নকশা—এসব দেখে দেখে শিল্পী কাইয়ুম চৌধুরীর ছবির ভক্ত তাঁরা। বেড়াতে বের হয়ে প্রদর্শনী দেখার সুযোগটি হাতছাড়া করেননি তাঁরা। দেখে বেশ ভালো লেগেছে। তাঁদের মতো অনেকের কাছেই প্রদর্শনীটি বাড়তি আনন্দ যোগ করেছিল ছুটির দিনে।