কাইয়ুম চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাইয়ুম চৌধুরী
কাইয়ুম চৌধুরী

চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। দ্রুতই পেরিয়ে গেল আরও একটি বছর। ২০১৪ সালের ৩০ নভেম্বর বনানীর আর্মি স্টেডিয়ামে তৃতীয় উচ্চাঙ্গসংগীত উৎসবে অতিথি হয়ে গিয়েছিলেন তিনি। চতুর্থ দিনের সেই অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মঞ্চের ওপরই মারা যান এই শিল্পী।
পাঁচ দশকেরও বেশি সময় ধরে শিল্পসাধনায় মগ্ন ছিলেন কাইয়ুম চৌধুরী। দেশের চারুকলার জগৎকে সমৃদ্ধ করার পাশাপাশি মানুষের রুচি বিনির্মাণে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি। ক্যানভাস, কাগজ, হাজারো বইয়ের প্রচ্ছদপট, অগণিত পোস্টার, নিমন্ত্রণপত্র, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংবাদপত্রের নামলিপি ও অলংকরণের মধ্য দিয়ে নান্দনিকতার এক আশ্চর্য সুন্দর জগৎ তৈরি করে দিয়ে গেছেন কাইয়ুম চৌধুরী। শুধু ছবি এঁকেই শেষ নয়, শিল্পকলার প্রায় প্রতিটি ক্ষেত্রের প্রতিই ছিল তাঁর ভালোবাসা। বই পড়া ও গান শোনার নেশা ছিল, অনুরাগ ছিল চলচ্চিত্রেও। বই, গানের রেকর্ড, সিডি ও ভিডিওর বিপুল সংগ্রহ ছিল নিজের। এত কিছুতে মগ্ন শিল্পী ছিলেন অত্যন্ত সমাজ ও রাজনীতিসচেতন। ভাষা আন্দোলনের সময় তিনি ছিলেন ছাত্র। সে সময়ই দেশের সব প্রধান কবি-সাহিত্যিক ও চলচ্চিত্রনির্মাতার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
গতকাল শেষ হয় পঞ্চম উচ্চাঙ্গসংগীত উৎসব। শিল্পী ও শ্রোতায় মুখর সেই উৎসবে যুক্ত হয়েছে চলে যাওয়া আরও কিছু মানুষের ছবি। আয়োজক ও কর্মযোগসূত্রে যাঁদের সঙ্গে তিনি জড়িয়ে ছিলেন, তাঁদের সবাই এ উৎসবের সময়টাতে স্মরণ করেন এই শিল্পীকে। কী যেন একটা কথা বলার ছিল তাঁর। বক্তৃতা শেষ করে চলে গিয়ে আবারও ফিরেছিলেন মাইক্রোফোনের কাছে। বলেছিলেন, ‘আমার আরেকটি কথা আছে।’ কথাটি আর বলা হয়নি তাঁর।
প্রথম আলোর সঙ্গে তাঁর বন্ধন ছিল নিবিড়। ১৯৯৮ সালের মাঝামাঝি প্রথম আলো প্রকাশের প্রায় প্রতিটি পর্যায়ে কাইয়ুম চৌধুরী পরামর্শ দিয়েছেন। দৈনিকটির ও এর ক্রোড়পত্রগুলোর লোগো, পৃষ্ঠাসজ্জা সবকিছুই নিজে হাতে এঁকেছেন তিনি। তাঁর পরামর্শ ছাড়া এগুলোর কোনো পরিবর্তন বা সংযোজন করা হয়নি।