কাইয়ুমসহ দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যা মামলায় বিএনপি নেতা এম এ কাইয়ুম ও সোহেল আহম্মেদ ওরফে ভাঙারি সোহেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গতকাল রোববার ঢাকার মহানগর হাকিম সাব্বির ইয়াছির মাহমুদ চৌধুরী অভিযোগপত্র গ্রহণ করে এই আদেশ দেন। ২৮ জুলাই গ্রেপ্তারি পরোয়ানা জারি-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।
গতকাল এ মামলার অভিযোগপত্র আমলে নেওয়ার দিন ধার্য ছিল। গত ২৭ জুন এই মামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন কাইয়ুমের ভাই আবদুল মতিন, তামজিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ওরফে ভাগনে রাসেল ও শাখাওয়াত হোসেন। সাত আসামির মধ্যে তামজিদ, রাসেল, মিনহাজুল ও শাখাওয়াত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার পাঁচ আসামি কারাগারে আছেন। গতকাল তাঁদের আদালতে হাজির করা হয়।
সোহেলের পরিবারের অভিযোগ, গোয়েন্দা পুলিশ পরিচয়ে গত বছরের অক্টোবরে সোহেলকে মধ্য বাড্ডা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁর আর কোনো সন্ধান মেলেনি।
গত বছরের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান-২ নম্বরের ৯০ নম্বর সড়কের ফুটপাতে সিজার তাবেলাকে (৫১) গুলি করে হত্যা করা হয়। এরপর জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করে বিবৃতি দেয় বলে যুক্তরাষ্ট্রভিত্তিক এক ওয়েবসাইটে দাবি করা হয়।