কাইয়ুমসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র তৈরি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুম, তাঁর ভাইসহ সাতজনকে আসামি করে ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যা মামলার অভিযোগপত্র তৈরি হচ্ছে। শিগগিরই এই মামলার অভিযোগপত্র আদালতে দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সূত্র। মামলাটি তদন্ত করছে ডিবি পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিএনপি নেতা এম এ কাইয়ুমের পরিকল্পনা ও অর্থায়নে সিজার তাবেলাকে হত্যা করা হয়েছে বলে ডিবির কাছে তথ্য-প্রমাণ রয়েছে। মামলার তদন্ত শেষ হয়েছে। তাবেলা হত্যার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি ইতিমধ্যে জব্দ করা হয়েছে। এই হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি উদ্ধার হলেই মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে।
তাবেলা হত্যা মামলার তদন্ত তদারক কর্মকর্তারা বলেন, বিএনপি নেতা কাইয়ুম ছাড়াও এই হত্যা মামলায় তাঁর ছোট ভাই এম এ মতিন, তামজিদ আহম্মেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেল, মিনহাজুল আরেফিন ওরফে ভাগনে রাসেল, শাখাওয়াত হোসেন ওরফে শরীফ ও ভাঙারি সোহেলকে আসামি করা হচ্ছে। এঁদের মধ্যে এম এ কাইয়ুম ও ভাঙারি সোহেল ছাড়া সবাই গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে মতিন ছাড়া তামজিদ, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ও শাখাওয়াত হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা বর্তমানে কারাগারে আছেন।
তদন্ত তদারক কর্মকর্তারা আরও বলেন, আদালতে রাসেল চৌধুরী ও মিনহাজুলের দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে মতিনের নাম এসেছে। তিনি রিমান্ডে ডিবির কাছে তাবেলা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে রাজি হননি। এম এ কাইয়ুম হত্যার পরিকল্পনা ও অর্থের জোগানদাতা বলে তাঁরা প্রমাণ পেয়েছেন। আর খুনিদের হত্যাকাণ্ড বাস্তবায়নের কাজটি করেন মতিন।
তদন্তসংশ্লিষ্ট সূত্র বলেছে, লক্ষ্য ছিল একজন শ্বেতাঙ্গকে হত্যা করে দেশে-বিদেশে আতঙ্ক ছড়িয়ে দেওয়া। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই পরিকল্পনা করা হয় বলে তথ্য-প্রমাণ পাওয়া গেছে। মতিনের নির্দেশে গত ২৮ সেপ্টেম্বর শাখাওয়াতের মোটরসাইকেল নিয়ে মিনহাজুল, তামজিদ, রাসেল চৌধুরী গুলশান ২-এর ৯০ নম্বর সড়কে যান। ওই সড়কের গভর্নর হাউসের সীমানাপ্রাচীরের বাইরে ফুটপাতে নিরিবিলি ও অন্ধকার স্থানে তামজিদ সিজার তাবেলাকে (৫১) গুলি করে হত্যা করেন। এতে তাঁকে সহায়তা করেন রাসেল চৌধুরী ও মিনহাজুল। মোটরসাইকেল চালান মিনহাজুল।
অবশ্য এই হত্যা মামলায় গ্রেপ্তার করা মতিন, তামজিদ, রাসেল চৌধুরী, মিনহাজুল ও শাখাওয়াতের স্বজনেরা দাবি করে আসছেন, ওই পাঁচজন তাবেলা হত্যায় জড়িত নন। ডিবি ভয়ভীতি দেখিয়ে স্বীকারোক্তি দিতে বাধ্য করেছে।
চার ‘সোহেল’ এলাকাছাড়া: মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. মাহফুজুল ইসলাম প্রথম আলোকে বলেন, হত্যায় ব্যবহৃত অস্ত্রটি মধ্য বাড্ডার ‘ভাঙারি’ সোহেলের। ঘটনার পর থেকে তিনি পলাতক। শুধু তিনি নন, ওই এলাকার চার সোহেল ঘটনার পর থেকে পলাতক। এঁদের কেউ কেউ দেশের বাইরে পালিয়ে গেছেন।
তাবেলা হত্যার প্রত্যক্ষদর্শীরা বলেছিলেন, দুই তরুণ সিজার তাবেলাকে গুলি করে একটি মোটরসাইকেল নিয়ে অপেক্ষমাণ ব্যক্তির পেছনে উঠে পালিয়ে যান। তাবেলা নেদারল্যান্ডসভিত্তিক আইসিসিও কো-অপারেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রুফ (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।