কাইয়ুমের ভাই মতিন ফের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নেতা সাবেক কমিশনার এম এ কাইয়ুমের ছোট ভাই এম এ মতিনকে ৪ নভেম্বর মধ্যরাতে বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয়। ৫ নভেম্বর রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে থেকে ছবিটি তোলা। ছবি: ডিবির সৌজন্যে
বিএনপির নেতা সাবেক কমিশনার এম এ কাইয়ুমের ছোট ভাই এম এ মতিনকে ৪ নভেম্বর মধ্যরাতে বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয়। ৫ নভেম্বর রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে থেকে ছবিটি তোলা। ছবি: ডিবির সৌজন্যে

ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যা মামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমের ছোট ভাই এম এ মতিনকে ফের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ শুক্রবার মতিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ।
এর আগে চলতি মাসের ৫ তারিখ তাঁকে আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক জিহাদ হোসেন আজ আসামিকে আদালতে হাজির করে ফের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের জন্য আসামিকে ফের রিমান্ডে নেওয়া প্রয়োজন। আদালত শুনানি শেষে ওই রিমান্ড আদেশ দেন।
সিজার তাবেলা হত্যা মামলায় মতিনসহ এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হলো। এঁদের মধ্যে তামজিদ আহম্মেদ রুবেল, মিনহাজুল আরেফিন রাসেল, শাখাওয়াত হোসেন ওরফে শরিফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দ্বিতীয় দফায় রিমান্ডে রাসেল চৌধুরী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২৬ অক্টোবর এই চারজনকে গ্রেপ্তার করে ডিবি।
আদালত সূত্র জানিয়েছে, জবানবন্দিতে রাসেল চৌধুরী বলেন, কাইয়ুম কমিশনারের ভাই এম এ মতিনের নির্দেশে বিদেশি নাগরিক সিজার তাবেলাকে হত্যা করা হয়েছে। এ কাজের জন্য তাঁকে মতিন পাঁচ লাখ টাকা দিতে চেয়েছেন। মতিন বিদ্যুতের ঠিকাদারি করতেন। ২০০১ সালে মতিনের সঙ্গে তাঁর পরিচয় হয়। বিএনপির বিভিন্ন সভা-সমাবেশে কর্মী হিসেবে সহযোগিতা করতেন। মতিন তাঁকে কোনো কাজ দিলে তা তিনি দায়িত্ব নিয়ে পালন করতেন। কাজ না থাকলে মাঝেমধ্যে মতিনের কাছ থেকে টাকাপয়সা আনতেন।

২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানে গভর্নর হাউসের সীমানাপ্রাচীরের বাইরের ফুটপাতে সিজারকে (৫০) গুলি করে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা দুই তরুণকে গুলি চালিয়ে অপেক্ষমাণ এক ব্যক্তির মোটরসাইকেলে করে পালাতে দেখেছেন। সিজার নেদারল্যান্ডসভিত্তিক আইসিসিও কো-অপারেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রুফ (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।

অারও পড়ুন :