কাউকে ক্ষমতায় বসাতে নির্বাচনী ফাঁদে পা দেব না: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুসেইন মুহম্মদ এরশাদ
হুসেইন মুহম্মদ এরশাদ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘কোনো অবস্থাতেই আমরা কাউকে ক্ষমতায় বসানোর জন্য নির্বাচনী ফাঁদে পা দেব না।’ তিনি বলেন, আওয়ামী লীগ যদি নির্দলীয় সরকারের দাবি না মানে এবং সব দল যদি নির্বাচন বর্জন করে, তাহলে জাতীয় পার্টি সেই নির্বাচনে অংশ নেবে না।
আজ সোমবার রাজধানীর বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে জাপার চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা শাখার যৌথ সভায় এরশাদ এসব কথা বলেন।
এরশাদ বলেন, ‘দেশ আজ অনিবার্য সংঘাত আর রক্তপাতের দিকে এগিয়ে চলেছে। ২৫ অক্টোবর কী হবে না-হবে, তা নিয়ে জনগণ উদ্বিগ্ন। আমরাও জানি না, আসলে কী হবে। দেশবাসীর সঙ্গে আমরাও আতঙ্কিত। জাতি এই সংঘাত থেকে মুক্তি চায়।’
সংঘাতের হাত থেকে রক্ষা পেতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের আহ্বান জানিয়ে এরশাদ বলেন, মানুষ শান্তি চায়, পরিবর্তন চায়। একমাত্র জাতীয় পার্টি পারে এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে জাতিকে অর্থনৈতিক মুক্তি দিতে।
জাপার সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সোলায়মান আলম শেঠ, তাজুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যানের উপদেষ্টা সিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।