কাউকে ছাড় দেওয়া হবে না: দুদক চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুদকে সবকিছু চলবে আইনানুযায়ী। এখানে ব্যক্তি বা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। 

আজ শনিবার সকালে দুদক কার্যালয়ের সামনে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৬ উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদকের চেয়ারম্যান এসব কথা বলেন। ইকবাল মাহমুদ বলেন, ‘আমাদের সকল কার্যক্রম আইনের আওতায় থাকবে। কার কী পরিচয়, তা মুখ্য না।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে দুদকের চেয়ারম্যান বলেন, আপনারা শুধু একটি মামলার (বেসিক ব্যাংক কেলেঙ্কারি মামলা) কথা বলছেন। কিন্তু আমাদের কাছে এখনো হাজার হাজার মামলা আছে। যেগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। একই সঙ্গে এসব মামলা সমানভাবে দেখতে হবে।
ইকবাল মাহমুদ বলেন, দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে হলে সমাজের প্রতিটি স্তরে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সামাজিক সচেতনতা ও সামাজিক আন্দোলনই কেবল পারে দুর্নীতি প্রতিরোধ করতে।
সকালে বেলুন ও কবুতর উড়িয়ে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৬ উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান। এ সময় দুদকের দুই কমিশনার নাসিরউদ্দীন আহমেদ ও এ এফ এম আমিনুল ইসলাম, সচিব আবু মো. মোস্তফা কামাল, মহাপরিচালক মঈদুল ইসলাম, শামসুল আরেফিন, জিয়া উদ্দিন, শহিদুজ্জামান, নূর আহাম্মদ এবং বিভিন্ন বিভাগের পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের কর্মসূচির মধ্যে রয়েছে ২৭ মার্চ রোববার সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে সততা সংঘের ছাত্র-ছাত্রীদের সমন্বয় সমাবেশ, শপথ গ্রহণ ও গণসচেতনতা বৃদ্ধিবিষয়ক দুর্নীতি বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
২৮ মার্চ দুপুরে দুদক কার্যালয়ে দেওয়া হবে দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৫। ২৯ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় থাকবে দুর্নীতিবিরোধী র‍্যালি ও মানববন্ধন।
একইভাবে ৩০ মার্চ বুধবার সকাল সাড়ে ১০টায় শিল্পকলা একাডেমিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে বিতর্ক হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসদুজ্জামান নূর।
৩১ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকের সম্মেলন কক্ষে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে সামাজিক আন্দোলনের ভূমিকা’ শীর্ষক সেমিনার হবে। সেখানে প্রধান অতিথি থাকবেন অধ্যাপক আনিসুজ্জামান।
১ এপ্রিল শুক্রবার জাতীয় মসজিদসহ সব মসজিদে প্রাক জুম্মায় দুর্নীতিবিরোধী বক্তব্য প্রদানের মধ্য দিয়ে শেষে হবে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ।