কাউকে না জানিয়ে নদীতে গিয়ে...

চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুরের ঈদগাঁ বাজার এলাকায় মেঘনা নদীতে ডুবে একসঙ্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত তিন শিশু হলো ঈদগাঁ বাজার এলাকার জাহাঙ্গীর হোসেন গাজীর মেয়ে মরিয়ম আক্তার (৬), স্বপন ঢালীর মেয়ে সানজিদা আক্তার (৬) ও বাকের গাজীর মেয়ে ফাতেমা আক্তার (৭)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পরিবারের কাউকে না জানিয়ে মেঘনা নদীতে ওই তিন কন্যাশিশু গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সম্প্রতি ড্রেজিং মেশিন দিয়ে করা গর্তে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন মৃত অবস্থায় তাদের উদ্ধার করে। বিকেলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাশেম ঢালী বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। তিন শিশুর লাশ দাফনের প্রক্রিয়া চলছে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘লাশগুলো পরিবারের লোকজন বিকেলে যাঁর যাঁর বাড়িতে নিয়ে দাফন সম্পন্ন করেছেন।’