কাউকে পেছনে ফেলে এসডিজি অর্জিত হবে না
বাংলাদেশে দারিদ্র্য অনেক কমে এসেছে। কিন্তু প্রান্তিক ও বিচ্ছিন্ন জনগোষ্ঠীর অন্তত ৮০ লাখ মানুষ দারিদ্র্যের ফাঁদে আটকা পড়েছে। তাদের বিচ্ছিন্ন ও প্রান্তিক হয়ে পড়ার পেছনে সামাজিক দৃষ্টিকোণও ভূমিকা রাখছে। এদের পেছনে ফেলে রেখে উন্নয়ন করলে তা টেকসই হবে না। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হলে এদের কাউকে পেছনে ফেলে রাখা যাবে না।
আজ সোমবার ‘কাউকে পেছনে ফেলে নয়: বাংলাদেশে বিচ্ছিন্নতা ও প্রান্তিকতার চ্যালেঞ্জ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী পর্বে বক্তারা এসব কথা বলেন। সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড), পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি), খ্রিষ্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) ও গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) যৌথভাবে ওই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, দেশের আইনের মধ্যে অনেক বাধা ও বৈষম্য আছে। সব আইনে অনেকের ‘স্পেশাল নিড’ উঠে আসেনি। তিনি বিচ্ছিন্ন ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে একটি স্থায়ী ফোরাম গঠনের পরামর্শ দেন।
গওহর রিজভী বলেন, বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ, যেখানে প্রচুর পরিমাণে সামাজিক নিরাপত্তাবেষ্টনী (সোশ্যাল সেফটি নেট) আছে। সারা দেশে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক করা হয়েছে। যোগাযোগ ক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়নের ফলে অনেক পরিবর্তন এসেছে।
কর্মশালায় বাংলাদেশে প্রান্তিকতা এবং বিচ্ছিন্নতা বিষয়ে মূল বক্তব্য দেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, উন্নয়নচিন্তায় নতুন মাত্রা যোগ করেছে এসডিজি। উন্নয়ন হবে, কিন্তু কাউকে পেছনে ফেলে রাখা যাবে না। শুরুতে বাংলাদেশে ৭০ থেকে ৮০ শতাংশ মানুষ দরিদ্র ছিল। এখন দারিদ্র্য অনেক কমে এসেছে। বাংলাদেশ এখন দারিদ্র্য দূরীকরণের তৃতীয় স্তরে। এই স্তরে অনেকে দারিদ্র্য ফাঁদে আটকা থাকে। এখানে প্রান্তিকতা ও বিচ্ছিন্নতা বড় সমস্যা। প্রান্তিকতা ও বিচ্ছিন্নতায় তিন ধরনের বোঝা তৈরি হয়। সেগুলো হলো উচ্ছেদের ভয়, চরম দারিদ্র্য ও পরিসংখ্যানগত অনুপস্থিতি। এদের অধিকার আদায় করতে হলে প্রথমে তাদের দৃশ্যমান করতে হবে।
অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর অনেকে তাদের বর্ণ, গোত্র, পেশার কারণে দরিদ্র। সংগ্রাম করে পড়ালেখা করেও অনেকে চাকরি পেতে বাধার মুখে পড়ছেন।
মানবাধিকারকর্মী হামিদা হোসেন বলেন, সংবিধানে সবার সমান অধিকার এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক জনগোষ্ঠী বিচ্ছিন্ন হয়ে আছে এবং অনেক পিছিয়ে আছে।
লেখক হরিশংকর জলদাস প্রশ্ন রাখেন, প্রান্তিকতা বা বিচ্ছিন্নতার জন্য কারা দায়ী? যারা এসব জনগোষ্ঠীকে প্রান্তিকতার দিকে ঠেলে দিয়েছে তারা, নাকি যারা ঠেলা খেয়েছে তারা? তিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলোর উদ্দেশে বলেন, বেদনা থেকে মুক্তির একমাত্র পথ শিক্ষা।
কর্মশালার উদ্বোধনী বক্তব্যে সেডের পরিচালক ফিলিপ গাইন বলেন, তাঁরা ৩৭টি ক্ষুদ্র জাতিগোষ্ঠী পেয়েছেন, যারা কোনো সরকারি তালিকায় নেই। এই কর্মশালার মূল উদ্দেশ্য প্রান্তিক জনগোষ্ঠীর মানচিত্র এবং সঠিক চিত্র তৈরি করা।
সেডের সভাপতি সাখাওয়াত আলী খানের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বিবিএসের সহকারী পরিচালক দিপঙ্কর রায়, চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভোজন কৈরী প্রমুখ বক্তব্য দেন।