প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরায় নিজ ফ্ল্যাটে প্রয়াত সাংবাদিক আখ্তার-উল্-আলমের মেয়ে ফাহমিদা আক্তার হত্যার ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। ঘটনার কারণও নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে রামপুরা থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত ঘটনার কারণ ও জড়িতদের সম্পর্কে নিশ্চিত হতে পারিনি। তদন্ত চলছে। অচিরেই রহস্য উদ্ঘাটিত হবে।’
গত শুক্রবার দুপুরে রামপুরা মহানগর প্রজেক্টের ৫ নম্বর সড়কের একটি বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাট থেকে হাত-পা বাঁধা ও চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটানো অবস্থায় ফাহমিদার লাশ উদ্ধার করে পুলিশ।
ময়নাতদন্তের পর ফাহমিদার লাশ বারডেমের হিমঘরে রাখা হয়েছিল। গতকাল সকালে তাঁর স্বামী গোলাম রব্বানী বাহরাইন থেকে দেশে আসেন। এরপর জানাজা শেষে লাশ মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।