কাউকে সন্দেহ করতে পারছে না পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ঘরে ঢুকে চিকিৎসককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনার কোনো কিনারা করতে পারেনি পুলিশ। পরিবারের সদস্যরাও এ ঘটনায় কাউকে সন্দেহ করতে পারছেন না। তাই ঘটনার চার দিন পরও মামলার তদন্ত নিয়ে কার্যত অন্ধকারে রয়েছে পুলিশ।
গত সোমবার ভোরে নগরের হালিশহরের রঙ্গিপাড়ার বাসায় ঢুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) মেডিসিন বহির্বিভাগের চিকিৎসক তারেক শামসকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে চিকিৎসকের বাসার গৃহকর্মী ইয়াছমিন আক্তারকে গত বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বৃহস্পতিবার আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
মামলার বাদী ও তারেক শামসের বাবা চিকিৎসক শামসুল আলম গতকাল বিকেলে চমেক হাসপাতালের বারান্দায় বলেন, তাঁদের পরিবারের সঙ্গে কারও বিরোধ নেই। তাঁর ছেলের কোনো শত্রু নেই। তাঁর পরিবার রাজনীতির সঙ্গেও জড়িত না। তাঁর ছেলেকে কারা, কী জন্য কুপিয়ে হত্যার চেষ্টা করেছে, তা তিনি বুঝতে পারছেন না। এ ঘটনায় তিনি কাউকে সন্দেহ করতে পারছেন না, এ জন্য মামলার এজাহারে কারও নাম উল্লেখ করেননি। এজাহারে ঘটনার কোনো কারণও লেখা হয়নি। পুলিশ তদন্ত করছে। তারাই অপরাধীদের শনাক্ত করতে পারবে বলে আশা শামসুল আলমের।
গ্রেপ্তার গৃহকর্মী কোনোভাবে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন কি না, এই প্রশ্নের জবাবে তারেক শামসের মা আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আনোয়ারা আলম বলেন, ‘সে কোনো দিন টাকাপয়সা নড়চড় করেনি। তাকে কীভাবে সন্দেহ করব?’ তিনি বলেন, গৃহকর্মী ঘটনার সময় বাসায় ছিল না। ওই দিন সকালে বাসায় কোনো কাপড়চোপড়ও ধোয়া হয়নি। কিন্তু ছাদের দরজা খোলা পেয়েছে পুলিশ। এমনকি বাসার সব দরজার চাবির রিংও বাসার আঙিনা থেকে উদ্ধার করে পুলিশ। এখন চাবিটি কীভাবে বাসার বাইরে গেল, ছাদের দরজাটি কে খুলল—সেই হিসাব মেলাতে পারছেন না আনোয়ারা আলম।
গতকাল হাসপাতালে তারেক শামসকে দেখতে আসা স্বজন ও তাঁর সহকর্মীরা বলছেন, কারও সঙ্গে বিরোধ নেই এই পরিবারের। আত্মীয় মিজানুর রহমান বলেন, ‘তারেক খুবই নিরীহ। পড়াশোনা ও পেশা নিয়ে পড়ে থাকত। তাকে কেন এভাবে কুপিয়ে আহত করা হলো, তা বোঝা যাচ্ছে না।’ হাসপাতালের চিকিৎসকেরা জানান, তারেক শামসের সুস্থ হয়ে উঠতে আরও অনেক সময় লাগবে।
হালিশহর থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম বলেন, এখনো কোনো ক্লু পাওয়া যায়নি। কী কারণে চিকিৎসককে কুপিয়ে হত্যার চেষ্টা হয়েছে, তা বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত চলছে।