কাউখালী-ঘিলাছড়ি সড়কে তিন দিন ধরে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাউখালী-ঘিলাছড়ি সড়কে যানবাহন চলাচল তিনদিন ধরে বন্ধ রয়েছে। পার্বত্য চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) চাঁদা দাবি করে এক চালককে মারধর করায় জিপ মালিক সমিতি সোমবার থেকে এ সড়কে যানবাহন (চাঁদের গাড়ি ও সিএনজিচালিত অটো রিকশা) চলাচল বন্ধ রেখেছে। রানীর হাট জিপ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন জানান, ইউপিডিএফ নেতারা দীর্ঘ দিন ধরে এ সড়কে চলাচলকারী যানবাহন থেকে নির্দিষ্ট হারে চাঁদা দাবি করে আসছেন। এ জন্য তাঁরা মাসিক ‘বিশেষ টোকেন’ নেওয়ার জন্য চাপ দিতে থাকেন। সর্বশেষ রোববার সকালে ঘিলাছড়িতে জিপ চালক (চাঁদের গাড়ি) ধনা মিয়াকে মারধর করে বেঁধে রাখে ইউপিডিএফের কর্মীরা। পরে চাঁদার দুই হাজার টাকা দিয়ে টোকেন নিয়ে তিনি ছাড়া পান। সোমবারের মধ্যে টোকেন সংগ্রহ না করলে ওই এলাকায় যানবাহন ঢুকতে দেওয়া হবে না বলেও তাঁরা হুমকি দেন। আবুল হোসেন আরও জানান, এ ঘটনার পর রোববার সমিতির জরুরি সভা ডেকে পরদিন সোমবার থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ইউপিডিএফের কাউখালী উপজেলার যুগ্ম সমন্বয়কারী পুলক জোতি চাকমা মঙ্গলবার সন্ধ্যায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সংগঠন চালাতে অর্থের প্রয়োজন হওয়ায় টোকেন নেওয়ার জন্য চাপ প্রয়োগ করেছি। এ ছাড়া উপায় ছিল না। কিন্ত যান চলাচল বন্ধ করতে বলিনি।’ ঘাগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে মঙ্গলবার দুপুরে জানান দীর্ঘদিন ধরে ইউপিডিএফ নামধারী সন্ত্রাসীরা চাঁদাবাজি করে আসছে। অথচ অভিযোগকারী না থাকায় প্রশাসনিকভাবে কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক আবুল হোসেন বলেন, ‘ইউপিডিএফের চাঁদাবাজি এবং দুই দিন ধরে যান চলাচল বন্ধ থাকার কথা শুনেছি। তবে কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেব।’