কাউখালী থানা আগুনে পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ভয়াবহ অগ্নিকাণ্ডে গতকাল মঙ্গলবার বিকেলে রাঙামাটির কাউখালী থানার অস্ত্রাগার, পুলিশের ব্যারাক সম্পূর্ণ এবং কার্যালয়ের একটি অংশ পুড়ে গেছে। অস্ত্রাগারের অস্ত্র সরানো হলেও কিছু অস্ত্র ও গুলি আগুনে পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান সন্ধ্যা পৌনে সাতটার দিকে জানান, আগুনে থানা সম্পূর্ণ পুড়ে গেছে। তবে অস্ত্রাগারের অস্ত্র সরানো হয়েছে। অবশ্য ব্যক্তিগত ব্যবহারের অস্ত্র ও কিছু গুলি পুড়ে যেতে পারে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ফায়ার সার্ভিসের তদন্ত না হওয়া পর্যন্ত সঠিকভাবে বলা যাবে না শর্টসার্কিট না অন্তর্ঘাতমূলক অগ্নিকাণ্ড। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটা থেকে সোয়া পাঁচটার দিকে থানায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের শুরুতে পুলিশ ব্যারাক এবং অস্ত্রাগার পুড়ে যায়। তবে মূল কার্যালয়ের ওসির কক্ষসহ কয়েকটি কক্ষ আগুন থেকে রক্ষা পেয়েছে।