কাউখালী-স্বরূপকাঠি পথে পাঁচ দিন যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী-স্বরূপকাঠি সড়কের কাউখালী উপজেলার সন্ধ্যা নদীতে চলাচলকারী ফেরির ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় পাঁচ দিন ধরে এই পথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ কারণে স্বরূপকাঠির সঙ্গে কাউখালী হয়ে পিরোজপুরের সরাসারি বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল মঙ্গলবার কাউখালীর আমরাজুড়ি এলাকায় গিয়ে দেখা যায়, ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই প্রান্তে আটকা পড়ে আছে অনেক যানবাহন। আমরাজুড়ি ফেরিঘাটের তত্ত্বাবধায়ক শাহ আলম বলেন, শনিবার হঠাৎ করে ফেরির দুটি ইঞ্জিন বিকল হয়ে যায়। ফেরিঘাটের ইজারাদার আকবর হোসেন বলেন, গুরুত্বপূর্ণ এ সড়কে মাত্র একটি লক্কড়-ঝক্কড় ফেরি দিয়ে যান পারাপারে মানুষের দুর্ভোগ তো আছেই, ফেরিটি বিকল হয়ে যাওয়ায় ভোগান্তি এখন চরমে। কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী রুহিয়া আক্তার বলেন, সন্ধ্যা নদী পার হয়ে স্বল্প সময়ে প্রতিদিন এ এলাকার অনেক মানুষ পিরোজপুরে যাওয়া-আসা করে। একটি মাত্র ফেরি এ নদীতে চলাচল করে, যা প্রায়ই বিকল থাকে। এখানে একটি নতুন ফেরি দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাব।সড়ক ও জনপথ অধিদপ্তর পিরোজপুরের উপসহকারী প্রকৌশলী সাইদুর রহমান জানান, ফেরিটি পুরোনো হয়ে যাওয়ায় প্রায়ই এর ইঞ্জিন বিকল হয়। শনিবারও ফেরির দুটি ইঞ্জিন বিকল হয়ে গেছে। ফেরি বিভাগের সহায়তায় ইঞ্জিন দুটি সচল করার চেষ্টা চালাচ্ছি। ইঞ্জিন সচল হলে যান চলাচল স্বাভাবিক হবে।