কাউখালীতে আদিবাসী গৃহবধূকে হত্যা
রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে ঝরনা চাকমা (৩২) নামের এক আদিবাসী গৃহবধূকে হত্যার প্রতিবাদে স্থানীয় নারী-পুরুষ তিন ঘণ্টা সড়ক অবরোধ করেছে। গত সোমবার রাত আটটার দিকে ঝরনার লাশ জঙ্গল থেকে উদ্ধার করা হয়।কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি বড়ুয়া জানান, নিহত গৃহবধূর স্বামী আলো বিকাশ চাকমা গত মঙ্গলবার মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে এবং পার্শ্ববর্তী বাঙালিদের সঙ্গে তাঁদের জমি নিয়ে বিরোধ রয়েছে বলে উল্লেখ করেছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে তালুকদার পাড়ার গৃহবধূ ঝরনা চাকমা তাঁর মেয়েকে নিয়ে কিছু দূরের বনে লাকড়ি সংগ্রহে যান। সেখান থেকে দুপুরের দিকে মেয়ে বাড়িতে এসে বিদ্যালয়ে যায়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত ঝরনা ফিরে না আসায় পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ঝরনার লাশ বন থেকে উদ্ধার করা হয়।এদিকে ঝরনা চাকমা হত্যার প্রতিবাদে গতকাল দুপুর একটার দিকে আদিবাসীরা কাউখালী কলেজের সামনের রাস্তায় বসে কাউখালী-ঘিলাছড়ি সড়ক বন্ধ করে দেয়।