কাউখালীতে আদিবাসী ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাউখালীতে এক আদিবাসী ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। টমা চিং মারমা নামের ওই ছাত্রী কাউখালী বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়ত। গতকাল শনিবার তার লাশের ময়নাতদন্ত হয়েছে। নিহত টমা চিং মারমা কাউখালী উপজেলা সদরের ডলুপাড়ার মৃত সুই থোয়াই প্রু মারমার মেয়ে। বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের সহসভাপতি উথান মারমা জানান, গত শুক্রবার বিকেলে টমা চিং মারমা গ্রামের পাশের একটি পাহাড়ে গরু আনতে যায়। কিন্তু সন্ধ্যায় ফিরে না আসায় তার খোঁজ শুরু হয়। পরে রাত আটটার দিকে পাহাড়ে জঙ্গলের ভেতর তার লাশ পাওয়া যায়। তার শরীরে নানা আঘাতের চিহ্ন রয়েছে। তিনি অভিযোগ করেন, গত বৃহস্পতিবার এক আত্মীয়ের সঙ্গে একজন বাঙালির জায়গা নিয়ে ঝগড়ার সময় টমা চিং আত্মীয়ের পক্ষ নিয়েছিল। সে কারণে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।এদিকে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন কাউখালীতে আদিবাসী ছাত্রী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গতকাল বেলা তিনটায় রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিমিতা চাকমার সভাপতিত্বে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে টমা চিং মারমার ধর্ষণ ও হত্যাকারীকে অবিলম্বে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে ভূমি সমস্যা সমাধান ও পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় আদিবাসী নারীরা হত্যা, ধর্ষণসহ নানা সন্ত্রাসের শিকার হচ্ছে। তাই পার্বত্য চুক্তি অনুযায়ী ভূমি সমস্যার সমাধান ও চুক্তির যথাযথ বাস্তবায়নের দাবি জানান। এদিকে রাঙামাটি জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) বিশ্বজিৎ মহাজন বলেন, নিহত আদিবাসী ছাত্রীর ময়নাতদন্ত হয়েছে। তবে হত্যার আগে ধর্ষণের শিকার হয়েছে কি না, তা বিস্তারিত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। অবশ্য শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি নিশ্চিত করেন। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি বড়ুয়া বলেন, এ ব্যাপারে এখন (শনিবার বিকেল সাড়ে চারটা) পর্যন্ত মামলা হয়নি। মামলার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।