কাউখালীতে কুকুরের কামড়ে আহত ১৮
পিরোজপুরের কাউখালী উপজেলায় একটি বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী, শিশুসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার আসপর্দ্দি, বাশুরী, কাঠালিয়া ও বিড়ালজুরি গ্রামে এ ঘটনা ঘটে।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. ওসমান গণি বলেন, বৃহস্পতিবার থেকে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত কুকুরের কামড়ে আক্রান্ত ১০ জন রোগী চিকিৎসা নিয়েছেন।
হাসপাতাল ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের আসপর্দ্দি গ্রামে একটি বেওয়ারিশ কুকুর চারজনকে কামড়ে জখম করে। এরপর থেকে রাত আটটা পর্যন্ত উপজেলার বাশুরী, কাঠালিয়া ও বিড়ালজুরি গ্রামের বিভিন্ন এলাকায় অন্তত আরও ১৪ জনকে কামড়ে জখম করার খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে আসপর্দ্দি গ্রামের রিয়াদুল ইসলাম (৮), মো. শামীম (২৫), সালেয়া বেগম (৩৪) ও দিবাকর (১৮); বাশুরী গ্রামের চেহারু বেগম (৫০), ইলিয়াস হোসেন (১২), তিশা আক্তার (২) ও বাহাদুর মিয়া (৩৩) এবং কাঠালিয়া গ্রামের মোকসেদ আলী (৬৫) ও জাকির হোসেন (৩১) কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বাকিরা পিরোজপুর সদর হাসপাতাল ও বরিশালে চিকিৎসা নিয়েছেন।