রাঙামাটির কাউখালী উপজেলায় চিংকাই মারমা ও পাইচি খৈ মারমা নামের দুই আদিবাসী যুবককে হত্যার ঘটনায় তাঁদের গোষ্ঠীর লোকজন গতকাল বুধবার প্রতিপক্ষের ছয়টি বাড়িতে আগুন, একটি দোকানে লুটপাট ও ভাঙচুর করেছেন। এ সময় চিংথুই অং মারমাকে (৪৫) আটক করেছে পুলিশ। এদিকে ছাত্রদল নিহত ব্যক্তিদের তাদের নেতা দাবি করে জেলায় সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করেছে।উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি গ্রামে গত সোমবার সন্ধ্যায় চিংকাই মারমা ও পাইচি খৈ মারমাকে দা, ছুরি ও লাঠিসোঁটা দিয়ে আঘাত করে প্রতিপক্ষের লোকজন। পরে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁরা মারা যান। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে নিহত ব্যক্তিদের গোষ্ঠীর লোকজন প্রতিপক্ষের ছয়টি বাড়িতে আগুন জ্বালিয়ে দেন। এ সময় ওই বাড়িগুলোতে আগুন নেভানোর মতো কোনো পুরুষও ছিলেন না। পরে আশপাশের লোকজন ও টহল পুলিশ অনেক চেষ্টা করে দুই বাড়ির কিছু অংশ রক্ষা করে। তবে চারটি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ ছাড়া তাঁরা একটি দোকানে লুটপাট ও ভাঙচুর করেন।পুড়ে যাওয়া বাড়ির নারীরা জানান, চিং থুইঅং, ক্যাসিং অং ও হ্লাচিং প্রু মারমার নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল লাঠিসোঁটা ও দা নিয়ে তাঁদের পাড়ায় এসে বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়। পরে আগুন লাগিয়ে দেওয়া হয়। বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আরিফুজ্জামান বলেন, ‘আমরা কিছুটা দূরে টহলে ছিলাম। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে আসার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে আমরা একজনকে হাতেনাতে ধরে ফেলেছি।’এদিকে, নিহত ওই দুজনকে নিজেদের নেতা বলে দাবি করে গতকাল রাঙামাটি ছাত্রদল জেলায় সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করে। তবে, হরতাল আধা বেলা পালিত হওয়ার পর শহরে যান চলাচল স্বাভাবিক হয়। কিন্তু বিকেল পর্যন্ত দূরপাল্লার যানবাহন চলাচল করেনি। উপজেলা পরিষদের চেয়ারম্যান অংচা প্রু মারমা বলেন, আগুনে ক্ষতিগ্রস্তদের স্থানীয় একটি বিদ্যালয়ে থাকার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া প্রতি পরিবারকে জরুরি ভিত্তিতে এক বস্তা চাল, কম্বল ও তৈজসপত্র দেওয়া হয়েছে। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি বড়ুয়া বলেন, খুনের ঘটনায় নিহত চিংকাই মারমার বাবা পাইচি মং মারমা একটি হত্যা মামলা করেছেন।