কাউখালীতে তুমাচিং ধর্ষণ ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল ও পার্বত্য চট্টগ্রামভিত্তিক নারী সংগঠনের জোট নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আন্দোলন আগামী রোববার তিন পার্বত্য জেলায় অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ ডেকেছে।গতকাল বৃহস্পতিবার কাউখালী বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী তুমাচিং মারমার ধর্ষক ও হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি এবং সারা দেশে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে কাউখালী উপজেলায় আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এ অবরোধের ঘোষণা দেওয়া হয়।বেলা ১১টায় কাউখালী উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়কে আয়োজিত সমাবেশে আধা বেলা অবরোধের ঘোষণা দিয়ে বক্তারা বলেন, তুমাচিং মারমা ধর্ষণ ও হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। বক্তারা অভিযোগ করেন, আসামিদের গ্রেপ্তারের নামে কালক্ষেপণের জন্য গ্রেপ্তারকৃত আসামি মো. আলাউদ্দিনকে আদালতের আদেশ দেওয়ার ১১ দিনেও রিমান্ডে নেওয়া হচ্ছে না। আসামিদের বাঁচানোর চেষ্টা কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না। বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের কাউখালী উপজেলা শাখার সভাপতি টুটু মারমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কাউখালী উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান অ্যানি চাকমা, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুনীল কান্তি দে, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক টুকু তালুকদার, বাংলাদেশ মহিলা পরিষদের রাঙামাটি জেলা সভাপতি কনিকা বড়ুয়া, সাধারণ সম্পাদক মিনারা বেগম, উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের সমন্বয়কারী সুসিঞ্চতা চাকমা, মানবাধিকার কমিশনের বান্দরবান জেলা সভাপতি ডনাই প্রু নেলী, পার্বত্য চট্টগ্রাম উইমেন্স নেটওয়ার্কের সভানেত্রী নাই উ প্রু মারমা মেরী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাঙামাটি জেলা আহ্বায়ক সৈকত রঞ্জন চৌধুরী প্রমুখ।তুমাচিং মারমা গত বছরের ২১ ডিসেম্বর কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের বড় ডলুপাড়ায় নিজ বাড়ি থেকে ২০০-৩০০ গজ দূরে পাহাড় থেকে গরু আনতে গিয়ে ধর্ষণ ও হত্যার শিকার হয়।