কাউখালীতে তুমাচিং মারমার অন্ত্যেষ্টিক্রিয়া
রাঙামাটির কাউখালী বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী তুমাচিং মারমার অন্ত্যেষ্টিক্রিয়া গতকাল শনিবার সামাজিক ও ধর্মীয় রীতিতে সম্পন্ন হয়েছে। অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে তুমাচিং মারমার বিধবা মা মাজেই প্রু মারমার কান্না সবার চোখে পানি এনে দেয়।মাজেই প্রু মারমা কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার মেয়ের কী দোষ, এভাবে তাকে কেন মারা হলো?’ তিনি কিছুতেই মেয়ের মৃত্যু মেনে নিতে পারছেন না।কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের বড়ডলুপাড়ার নিজ বাড়িতে অনুষ্ঠিত অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষু (সাধক) ও নানা বয়সের নারী-পুরুষ তুমাচিং মারমার পারলৌকিক সদগতি ও আত্মার শান্তি কামনা করেন। অনুষ্ঠানে তুমাচিংয়ের সহপাঠী, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধিসহ নারী অধিকারকর্মী, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের সদস্য ও পাহাড়ি-বাঙালি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।দরিদ্র পরিবারের কিশোরী তুমাচিং মারমা গত ৭ ডিসেম্বর বিকেলে নিজ বাড়ি থেকে মাত্র ২০০ থেকে ৩০০ গজ দূরে গরু আনতে গিয়ে ধর্ষণ ও হত্যার শিকার হয়। তার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, নারী, ছাত্র ও মানবাধিকার সংগঠন তিন পার্বত্য জেলাসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করে। তুমাচিং মারমার ধর্ষক ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শেষে নারী নির্যাতন প্রতিরোধ কমিটি রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক টুকু তালুকদার ও বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের রাঙামাটি জেলা সভাপতি উনুচিং মারমা।