কাউখালীতে পিটিয়ে হত্যা
রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার উত্তর নাইল্যছড়ি গ্রামে আলী আকবর (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।মামলার বিবরণ থেকে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত ১২টায় উত্তর নাইল্যছড়ি গ্রামের মোশারফ হোসেনের ছেলে আলী আকবর বাড়ি ফিরছিলেন। এ সময় গ্রামের বিপুলা বেগমের ঘরে নিজাম ও জাহাঙ্গীর নামে দুই যু্বককে আড্ডা দিতে দেখে তিনি আপত্তি জানান। এতে তাঁরা ক্ষিপ্ত হয়ে খলিল (৩৫), জলিল (২৮) ও এনাম (২৫) নামে আরও তিন ব্যক্তিকে ডেকে এনে লাঠি দিয়ে পিটিয়ে আলী আকবরকে অজ্ঞান অবস্থায় রাস্তায় ফেলে চলে যান।পরে স্থানীয় এক চৌকিদার আলী আকবরকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক আনন্দ বড়ুয়া আলী আকবরকে মৃত ঘোষণা করেন।কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি বড়ুয়া ঘটনার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, নিহতের স্ত্রী বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেছেন।