কাউখালীতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে গতকাল সোমবার কাউখালী উপজেলায় মানববন্ধন, সমাবেশ, গণস্বাক্ষর সংগ্রহ ও প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন সংগ্রাম পরিষদের ব্যানারে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
সংগ্রাম পরিষদের আহ্বায়ক মুহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, পার্বত্যবাসীর দীর্ঘদিনের দাবি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনে সরকারি উদ্যোগ একটি সাম্প্রদায়িক মহলের কারণে ভেস্তে যাবে তা হতে পারে না। তাঁরা পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে।
বক্তারা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও ইউপিডিএফের নাম উল্লেখ করে হুঁশিয়ারি দেন, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পক্ষে এ দুটি দল যত দিন কর্মসূচি দেবে না, তত দিন তাদের কাউখালীতে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কালা মিয়া, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. রফিকুল ইসলাম, আবদুল মোতালেব ও হেলাল উদ্দিন এবং যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের মাইন উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি মো. আবুল হাসেম, ছাত্রদলের সভাপতি মোমিনুল হক, সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন প্রমুখ।
পরে চলতি শিক্ষাবর্ষে রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করা, আগামী বছরের ১০ জানুয়ারি থেকে মেডিকেল কলেজে ক্লাস শুরুর সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আখতারের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।