কাউখালীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. রুবেল (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু রাসেল (১৬)। রাসেলকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার শংকরপুর-পাঙ্গাশিয়া সড়কে পাঙ্গাশিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উপজেলার শংকরপুর গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে। সে স্থানীয় নীলতি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, আজ দুপুরে রুবেল এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়। বিকেল সাড়ে তিনটার দিকে পাঙ্গাশিয়া বাজারের কাছে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক রুবেল মারা যায় এবং আরোহী রাসেল আহত হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।