কাউখালীর যুবককে রাঙ্গুনিয়া থেকে অপহরণের অভিযোগ
রাঙামাটির কাউখালী উপজেলার কাশখালী এলাকার মো. সালাউদ্দিন (২০) নামে এক যুবককে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার সালাউদ্দিনের বাবা মোবারক হোসেন কাউখালী থানায় মামলা করেন।মোবারক অভিযোগ করেন, সালাউদ্দিন গত শনিবার রাঙ্গুনিয়া উপজেলার রাণীরহাট বাজারে গেলে তাঁকে অপহরণ করা হয়। রাণীরহাট রাঙ্গুনিয়া উপজেলায় হওয়ায় তিনি গত রোববার রাঙ্গুনিয়া থানায় মামলা করতে গিয়েছিলেন। কিন্তু ওই থানা মামলা না নিয়ে তাঁকে কাউখালী থানায় মামলা করার পরামর্শ দেয়, তাই মামলা করতে দেরি হয়েছে। মোবারক আরও জানান, ৯ ডিসেম্বর রাত আটটার দিকে সুগার মিল এলাকা থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে তিন থেকে চারজন সালাউদ্দিনকে ধরে ফেলে। কৌশলে পালিয়ে গিয়ে বিষয়টি বাড়িতে জানান সালাউদ্দিন। জীবনের নিরাপত্তা চেয়ে তিনি ১১ ডিসেম্বর কাউখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি বড়ুয়া জানান, অপহূতকে উদ্ধারের অভিযান চলছে।