কাউছার হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের গুলিতে নিহত কাপ্তাই সুইডিশ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সৈয়দ কাউছার রায়হানের হত্যার বিচার চেয়ে প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছেন। গতকাল বুধবার নগরের মোমিন রোড ইসলামাবাদ মেমোরিয়াল মিলনায়তনে সংবাদ সম্মেলনে তাঁরা রায়হান হত্যার বিচার, অবিলম্বে ক্যাম্পাস খোলাসহ আট দফা দাবি তুলে ধরেন। পাঁচ দিনের মধ্যে দাবি মানা না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সুইডিশ পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কামরুল ইসলাম, তৃতীয় বর্ষের অটোমোবাইলের শিক্ষার্থী তন্ময় দাশ, তৃতীয় বর্ষের সিভিলের (উড) ছাত্র ইব্রাহিম খলিল প্রমুখ। আট দফা দাবির মধ্যে রয়েছে: রায়হান হত্যার সঙ্গে জড়িত পুলিশ সদস্যকে গ্রেপ্তার ও শাস্তি প্রদান, অবিলম্বে ক্যাম্পাস খুলে দিয়ে ক্লাস শুরু, ১৪৪ ধারা ও ক্যাম্পাস থেকে পুলিশ প্রত্যাহার, ইউএনও এবং সহকারী পুলিশ সুপারকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়া, রায়হানের নামে স্মৃতিস্তম্ভ তৈরি, তাঁর পরিবারকে ক্ষতিপূরণ ও নতুন ছাত্রাবাস তৈরি। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে আজ বৃহস্পতিবার সংহতি সমাবেশ এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের কফিন-মিছিল, শুক্রবার জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি প্রদান, দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি দেওয়া প্রভৃতি। এর আগে শিক্ষার্থীরা প্রেসক্লাব চত্বর থেকে চেরাগি পাহাড় মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন।এদিকে শিক্ষার্থীদের কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বিবৃতি দিয়েছেন ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি তৌহিদ টিপু ও সাধারণ সম্পাদক রবিউল হোসেন। সংগঠনের পক্ষ থেকে গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়।