কাউনিয়ায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়ায় এক বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে ছকেল মিয়া (৫৫) নামের এক ব্যক্তি গণপিটুনিতে মারা গেছেন। গত শনিবার রাতে উপজেলার সারাই ইউনিয়নের চাঁদ মিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ গতকাল রোববার তাঁর লাশ উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, শনিবার রাতে ছকেল মিয়া উপজেলার চাঁদ মিয়াপাড়া গ্রামের তারা মিয়ার বসতঘরে চুরি করতে ঢোকেন। এ সময় বাড়ির লোকজন চোর চোর বলে চিৎকার করলে তিনি পালানোর চেষ্টা করেন। এ সময় গ্রামের লোকজন তাঁকে ধাওয়া করে ধরে ফেলে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে গতকাল সকালে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। চাঁদ মিয়াপাড়া গ্রামের বাসিন্দারা জানান, ছকেল দীর্ঘদিন থেকে মানুষের বাড়িঘরে চুরি করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে একাধিকবার লিখিত অভিযোগও করা হয়।
ইউপির চেয়ারম্যান আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।