কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬
রংপুরের কাউনিয়ায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে বাসের সহযোগীসহ চারজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার মীরবাগ জুম্মারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাউনিয়ায় নিহত ব্যক্তিরা হলেন চালকের সহযোগী লালমনিরহাট জেলার মহেন্দ্রনগর এলাকার আজিজুল ইসলাম (২৫), যাত্রী লালমনিরহাট বড়বাড়ি এলাকার রাজু মিয়া (২০), বড়খাতা এলাকার হামিদুল ইসলাম (৪৫) এবং রংপুর নগরের বাহারকাছনা এলাকার রমজান আলী (৩৬)।
কাউনিয়া থানার ওসি রেজাউল করিম বলেন, বগুড়া থেকে লালমনিরহাট যাওয়ার পথে বাসটি মীরবাগ জুম্মারপাড়া এলাকায় একটি ট্রাককে অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকের সহযোগীসহ চার যাত্রী নিহত হন। এ ছাড়া অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চালক পলাতক আছেন।
রংপুর হাসপাতালে চিকিৎসাধীন আহত যাত্রী বাবু মিয়া, সাজু মিয়া কাওছার হোসেন অভিযোগ করেন, চালক বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। কয়েকবার নিষেধ করা সত্ত্বেও তিনি কোনো কথাই শোনেননি।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গতকাল শুক্রবার পৃথক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।