কাউনিয়ার বিদ্যালয় নদীভাঙনের হুমকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা নদীর ভাঙনে চর ঢুষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হুমকির মুখে পড়েছে। এক বছর আগে বিদ্যালয়টি নদী থেকে প্রায় এক কিলোমিটার দূরে ছিল। তা এখন নদী থেকে ৩০ গজের মধ্যে এসেছে।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, বালাপাড়া ইউনিয়নের তিস্তা নদীর চরাঞ্চলে চর ঢুষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনটি যেকোনো সময় নদীভাঙনে বিলীন হয়ে যেতে পারে। এখানে শিক্ষার্থী ৩০০ জন।
এলাকার কৃষক আনিসুর রহমানের বসতভিটাসহ এক একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। তিনি বলেন, এভাবে এই এলাকা আগে কখনো ভাঙেনি। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী জামিলুর রহমান বলে, নদীতে স্কুল চলে গেলে রোদ-বৃষ্টিতে ক্লাস করা কষ্ট হবে।
প্রধান শিক্ষক সারোয়ার উদ্দিন বলেন, বিদ্যালয়টি ভাঙনের হাত থেকে রক্ষা করতে সিমেন্টের তৈরি বোল্ডার ফেলা উচিত। এ বিষয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। ইউএনও আবদুল মোতালেব বলেন, বিদ্যালয়টি রক্ষায় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।