কাউনিয়া জংশনের ১৬ রেলক্রসিংয়ের ১১টিই অরক্ষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া রেলওয়ে জংশন এলাকায় ১৬টি রেলক্রসিংয়ের মধ্যে ১১টিই অরক্ষিত। নেই কোনো ব্যারিয়ার বা গেট। ঝুঁকি নিয়ে চলাচল করছে সব ধরনের যানবাহন।
কাউনিয়া রেলওয়ে স্টেশনটি হলো রেলওয়ে জংশন। স্টেশনটি ১৯০৩ সালে প্রতিষ্ঠিত হয়। এই রেলওয়ে জংশন থেকে তিন দিকে তিনটি রেললাইনের পথ চলে গেছে। এর একটি ঢাকার পথে, একটি কুড়িগ্রাম ও লালমনিরহাট এবং একটি রংপুরের দিকে। ট্রেনের এই তিন পথে ১৬টি স্থানে রেলক্রসিং রয়েছে। এসব ক্রসিংয়ের ১১টি অরক্ষিত।
রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, অরক্ষিত রেলক্রসিংগুলো হলো খোর্দ্দ বালাপাড়া, সাব্দি, শহীদবাগ বাজার, চেয়ারম্যানবাড়ি, সাধুর মোড়, মীরবাগ বীজলের ঘণ্টি, মোফাজ্জল হোসেন উচ্চবিদ্যালয়ের সামনে, মজির গেট, কুলিপাড়া, বাঁধক্রসিং ও বল্লভবিষু। এসব রেলক্রসিংয়ে মানুষজন নিজ দায়িত্বে চলাচল করছে। গেট রয়েছে এমন পাঁচটি এলাকা হলো তকিপল বাজার, থানা গেট, আরকে গেট, পাপুরভাঙ্গা গেট ও হারাগাছ গেট।
অরক্ষিত রেলক্রসিং এলাকায় সড়কের মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে সবাইকে সতর্কভাবে চলাচল করার জন্য সাইনবোর্ড টাঙানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘সাবধান। এই গেটে কোনো গেটম্যান নাই। পথচারী ও যানবাহনের চালক নিজ দায়িত্বে পারাপার করবেন এবং যেকোনো দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ দিতে নিজে বাধ্য থাকবেন।’
এই রেলওয়ে জংশন দিয়ে প্রতিদিন আন্তনগরসহ ৩০টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে থাকে। এ ছাড়া মালগাড়ি ট্রেনও রয়েছে।
এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন লোকসংখ্যা বেড়ে গেছে। আগের চেয়ে গ্রামে অনেক রাস্তাঘাট হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ ব্যবসাপ্রতিষ্ঠানও গড়ে উঠেছে। আগের তুলনায় বিভিন্ন যানবাহনসহ মানুষের চলাচলও বেড়েছে। কিন্তু সড়ক পারাপারে রেলক্রসিং করা হয়নি।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, ট্রেন আসছে। দূর থেকে ট্রেন দেখতে পেয়ে যানবাহন নিজ উদ্যোগে দাঁড়িয়ে পড়ে। এমন দৃশ্য দেখা গেল সাধুর মোড় এলাকায়। ট্রেন আসার মুহূর্তে একটি মোটরসাইকেল দাঁড়িয়ে পড়ে। এ সময় মোটরসাইকেলের চালক ব্যবসায়ী শাহীনুর রহমান বলেন, ‘এই পথে প্রায় সময় চলাচল করতে হয়। ট্রেন আসার সময় কোনো প্রতিবন্ধকতা না থাকায় কী যে ঝুঁকি, তা তো দেখতেই পারছেন। একটু অসতর্ক হলেই বিপদ।’ ওই এলাকার দোকানদার জাহাঙ্গীর আলম বলেন, ‘যখন ট্রেন আসে তখনই আমরাই চিল্লাচিল্লি (চিৎকার) করে মানুষজনকে জানিয়ে দিই ট্রেন আসার খবর।’ অরক্ষিত এলাকা শহীদবাগ এলাকার এক ব্যবসায়ী আবদুল হান্নান একই ধরনের কথা জানালেন।
অরক্ষিত রেলক্রসিং বল্লভবিষু এলাকার বাসিন্দা আবদুল মজিদ বলেন, একসময় এখানে একটি ছোট ঘর ছিল। শিকল ছিল। ট্রেন আসার আগে শিকল টেনে দেওয়া হতো। কিন্তু এখন সেই ঘর ও শিকল কোনোটিই নেই।
কাউনিয়া রেলওয়ে জংশন স্টেশনের স্টেশনমাস্টার বাবু আল রশীদ বলেন, এ অবস্থা চলে আসছে বছরের পর বছর ধরে। দিন দিন মানুষ ও যানবাহনও বেড়ে গেছে। অধিকাংশ রেলক্রসিং অরক্ষিত থাকায় অনেক ঝুঁকি থেকে যায়। বিষয়টি দেখার দায়িত্ব ঊর্ধ্বতন রেল কর্তৃপক্ষের।