কাউনিয়ার প্রধান চার সড়কে জলাবদ্ধতা, মানুষের দুর্ভোগ

রংপুরের কাউনিয়া উপজেলা সদরের ভাঙাচোরা প্রধান চারটি সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, দুদিনের সামান্য বৃষ্টিতে উপজেলা সদর মার্কেটে যাওয়া-আসার সড়ক, টেপামধুপুর সড়ক, থানা সড়ক ও তকিপল বাজার সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই সড়কগুলো সংস্কার করা হয়নি। কার্পেটিং উঠে খানাখন্দে ভরে গেছে। এর ওপর পানি জমে থাকায় মানুষ হেঁটে বা যানবাহন নিয়ে যাওয়া-আসার সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন।
টেপামধুপুর সড়কের পাশের মার্কেটের ব্যবসায়ী মোশারফ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে টেপামধুপুর সড়কটি সংস্কার না করায় কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া পানিনিষ্কাশনব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে আছে। এ কারণে মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। ওই মার্কেটের আরেক ব্যবসায়ী মোতালেব হোসেন আক্ষেপের সুরে বলেন, একটু জোরে বৃষ্টি হলেই টেপামধুপুর সড়কসহ উপজেলা সদরের বিভিন্ন সড়কে পানি জমে যায়।
রিকশাচালক আবদুল মালেক বলেন, সড়কে পানি জমে যাওয়ায় গর্ত দেখা যায় না, রিকশা নিয়ে গেলে অনেক সময় ওল্টে যায়।
কাউনিয়া বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ইফফাত তাবাসুম বলে, পানি জমে থাকা থানা সড়ক দিয়ে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে অনেক সময় পা পিছলে পড়ে গিয়ে বই-খাতা ও জামাকাপড় ভিজে নষ্ট হয়ে যায়।
স্থানীয় প্রগতি ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুল ইসলাম বলেন, সড়কগুলোর সমস্যার কথা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। প্রতিবছর এডিবির মাধ্যমে এত উন্নয়নমূলক কাজ করা হয়, কিন্তু সড়কের পাশে পানিনিষ্কাশনের ব্যবস্থাও করা হচ্ছে না। চলতি বর্ষায় জলাবদ্ধতায় ওই সড়কগুলো দিয়ে মানুষের চলাচলে সীমাহীন দুর্ভোগ হবে।
উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, উপজেলা সদরের প্রধান ওই চারটি সড়ক জরাজীর্ণ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, এটা সবাই জানে। মাসিক সমন্বয় কমিটির সভায় সড়কগুলোতে জনদুর্ভোগ নিয়ে প্রায় সময় আলোচনা হয়। কিন্তু অর্থ বরাদ্দ না থাকায় তা সংস্কার করা যায়নি। তবে গত বছর একটি প্রকল্পের অধীনে ওই সড়কগুলো সংস্কার করার জন্য প্রকল্প হাতে নেওয়া হলেও পরে তা বাতিল হওয়ায় মেরামত করা সম্ভব হয়নি। আগামী অর্থবছরে সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান বলেন, দীর্ঘদিন ধরে ওই সড়কগুলো সংস্কার না করায় মানুষের চলাচলে অনেক দুর্ভোগ হচ্ছে। সমস্যাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।