কাউনিয়ার হারাগাছ পৌরসভার সড়কগুলো বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার সড়কগুলোতে একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। এতে পৌরসভার বাসিন্দাদের এসব সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। পৌর বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিনেও প্রধান সড়কসহ পৌরসভার অধিকাংশ সড়ক সংস্কার হয়নি। এসব সড়কের বিভিন্ন স্থান ভেঙে গেছে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। রিকশা, অটোরিকশাসহ অন্যান্য যানবাহন নিয়ে এই সড়ক দিয়ে যাতায়াত করা যায় না।সরেজমিনে দেখা গেছে, একটু বৃষ্টি হলেই পৌরসভার পাইকার বাজার থেকে নতুনবাজার পর্যন্ত আধা কিলোমিটার প্রধান সড়কটি পানিতে তলিয়ে যায়। এ ছাড়া পাইকারপাড়া, পণ্ডিতপাড়া, চেয়ারম্যানপাড়া, রহমানপাড়া, কদমতলীসহ পৌর এলাকার পাড়া-মহল্লার সড়কগুলোর অবস্থাও খারাপ। এসব সড়কের পাশে নালা নির্মাণ করা হয়নি। এতে বৃষ্টি হলে এই সড়কে জমে থাকা পানি সরানো সম্ভব হয় না।পাইকারপাড়ার কলেজছাত্র রাজু মিয়া বলেন, কলেজে যেতে কাপড়চোপড় নষ্ট হয়ে যায়। পণ্ডিতপাড়ার শিক্ষক রজব আলী বলেন, পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে দেখছি সড়কের বেহাল দশা। চেয়ারম্যানপাড়ার ব্যবসায়ী লাইজু ইসলাম বলেন, এটি নামেই পৌরসভা, কাজে নেই। দালারপাড়ের ভ্যানচালক রমজান মিয়া বলেন, ‘এত কষ্ট করি কি গাড়ি চালা যায়। হামার রাস্তায় যদি ঠিক না হয়, তাইলে মেয়র নির্বাচন করিয়া কী লাভ?’গৃহিণী হেলেনা আকতার বলেন, এই বর্ষায় কোনো রাস্তা দিয়ে চলাচল করা যায় না। দরদি মোড়ের পান দোকানদার জাহাঙ্গীর আলম বলেন, ‘কোনো সুবিধা নাই। খালি ট্যাক্স নিবার বেলায় তাগাদা ঠিকই দেয়।’পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৯ সালে নয়টি ওয়ার্ড নিয়ে হারাগাছকে তৃতীয় শ্রেণীর পৌরসভা হিসেবে প্রতিষ্ঠা করা হয়। প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯৯ সালে। এখানে লোকসংখ্যা এক লাখ ৫৫ হাজার।পৌর নাগরিকেরা আরও অভিযোগ করেন, পৌরসভা প্রতিষ্ঠার দীর্ঘ ২১ বছরেও এখানে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। নর্দমা নেই। সড়কে পানি জমলে তা সরে যেতে পারে না। কোনো সড়কেই নেই আলোর ব্যবস্থা।হারাগাছ পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যান সাদাকাত হোসেন বলেন, সবে দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছি। প্রতিষ্ঠার পর থেকেই পৌরসভায় উন্নয়ন বাজেট নেই। সড়কগুলো সংস্কারের জন্য চেষ্টা করা হবে।