কাউনিয়ায় অবশেষে ভাতা বিতরণ শুরু করেছে ব্যাংক
রংপুরের কাউনিয়া উপজেলায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের বকেয়া তিন মাসের ভাতা অবশেষে দেওয়া শুরু হয়েছে। উপজেলার জনতা ও সোনালী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে গতকাল বৃহস্পতিবার ওই টাকা বিতরণ শুরু হয়।
প্রথম আলোর বিশাল বাংলায় গত বুধবার ‘ভাতার টাকা দিয়েছে সরকার, বিতরণ করছে না ব্যাংক’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর ওই ভাতার টাকা দ্রুত বিতরণের উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছে উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও ভাতা বিতরণকারী ব্যাংকের একাধিক সূত্র।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম বলেন, উপজেলার হারাগাছ পৌরসভাসহ বালাপাড়া, কুর্শা, শহীদবাগ, সারাই, টেপামধুপুর ও হারাগাছ ইউনিয়নে বয়স্ক ৫ হাজার ৬৭০ জন, বিধবা ২ হাজার ১৩২ ও প্রতিবন্ধী ১ হাজার ৪১৫ জন ভাতাভোগী রয়েছে। গত বছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের তাঁদের বকেয়া ভাতার টাকা গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে ছাড় করে সমাজসেবা অধিদপ্তর। কিন্তু ব্যস্ততার অজুহাতে ব্যাংকগুলো ওই টাকা বিতরণ করছিল না।
লাঠির ওপর ভর দিয়ে গতকাল উপজেলা চত্বরে ভাতার টাকা নিতে আসেন উপজেলার শহীদবাগ ইউনিয়নের চর প্রাণনাথ গ্রামের শতবর্ষী কদমন বেগম। দীর্ঘ ছয় মাস পর ভাতার টাকা হাতে পেয়ে তিনি খুশি। কদমন বলেন, ‘বাপু ছই (ছয়) মাস পর আইজনি টাকা পানু। অসুখোত পরছিনু, বাজারোত ডাক্তোর ওষুধ দিছে। ডাক্তোর (ওষুধ বিক্রির দোকানদার) টাকা পাইবে। এ্যালা বাজারত জায়া তাঁক টাকা দিম।’
জনতা ব্যাংকের সদর শাখার ব্যবস্থাপক মাহবুবুল আলম বলেন, ‘ডিসেম্বরে ব্যাংক ক্লোজিংয়ে ব্যস্ততার কারণে ভাতাপ্রাপ্ত ব্যক্তিদের তিন মাসের টাকা গত মাসে বিতরণ করা সম্ভব হয়নি। কিন্তু পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনে ব্যাপক আলোচনা হওয়ায় দ্রুত টাকা বিতরণ শুরু করা হয়েছে।’
সোনালী ব্যাংকের মীরবাগ শাখার ব্যবস্থাপক শাহিন শাহ আকবর বলেন, আজ (গতকাল বৃহস্পতিবার) থেকে ভাতাভোগীদের ভাতা দেওয়া শুরু করা হয়েছে। আর কোনো সমস্যা নেই।