কাউনিয়ায় ইটভাটার গ্যাসে ৮০ একরের ধানখেত নষ্ট
রংপুরের কাউনিয়া উপজেলায় ইটভাটার গ্যাস ছেড়ে দেওয়ায় ১২০ জন কৃষকের প্রায় ৮০ একরের বোরো খেত নষ্ট হয়ে গেছে। উপজেলার সারাই ইউনিয়নের ভগিরথ মাছহারি গ্রামে গতকাল রোববার এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষকেরা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে মৌখিকভাবে অভিযোগ করেছেন।সরেজমিনে দেখা যায়, ইটভাটার চার দিকজুড়ে কেবল ধানখেত। কৃষকদের অভিযোগ, ওই দিন ভোরের দিকে ‘এএনবি’ নামের একটি ইটভাটার বিষাক্ত গ্যাস ছেড়ে দেওয়া হয়। নির্গত এ গ্যাসের গরম বাতাসে আশপাশের প্রায় ৮০ একরে ধানখেত নষ্ট হয়ে গেছে।ক্ষতিগ্রস্ত কৃষক মসতুল মিয়া জানান, এ বছর দুই একর জমিতে তিনি বোরো ধান আবাদ করেছিলেন। তাঁর পুরো খেত ভাটার গ্যাসে নষ্ট হয়ে গেছে। আবদুল বাকি (৫০) নামের আরেক কৃষক জানান, প্রায় দুই একর জমিতে তিনি বোরো ধান আবাদ করে এখন তাঁর মাথায় হাত পড়েছে। তাঁর ধানখেত নষ্ট হয়ে গেছে। তিনি ইটভাটার মালিকের কাছে এর ক্ষতিপূরণের দাবি করেন।ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগের ভিত্তিতে গতকালই ওই এলাকায় সরেজমিনে তদন্ত করতে গিয়েছিলেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সাইয়েদুল ইসলাম। তিনি বলেন, ইটভাটার বিষাক্ত গ্যাসের কারণে অনেক জমির ধান নষ্ট হয়ে যাবে। তবে ক্ষয়ক্ষতি হওয়া আনুমানিক জমির পরিমাণ ৮০ একরের ওপরে হবে বলে তিনি মন্তব্য করেন।সারাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানার পর আমি ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি ইটভাটার গ্যাসে ধানখেত নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে ভাটার মালিকের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে বলেছি। সে অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাও করা হচ্ছে।’ইটভাটার স্বত্বাধিকারী আলমগীর হোসেন জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে।