কাউনিয়ায় সংঘর্ষে আহত ১৫, গ্রেপ্তার ১৯
রংপুরের কাউনিয়া উপজেলায় ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে চারজন পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ১৫ জন। পুলিশ ঘটনাস্থল থেকে ১৯ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার রংপুর-কুড়িগ্রাম সড়কের উপজেলার কুর্শা ইউনিয়নের বিজলীর ঘন্টি এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর-কুড়িগ্রাম সড়কে উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ এলাকায় গত বুধবার রাতে শাহ মো. তৌহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে মারধর করে নগদ টাকা ও মুঠোফোন ছিনতাই করে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় তৌহিদুল থানায় অভিযোগ দিলে গতকাল শনিবার ভোরে পুলিশ ওই ইউনিয়নের বিজলীর ঘন্টি গ্রামে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।এরপর সকাল নয়টার দিকে গ্রেপ্তার ব্যক্তিদের ছেড়ে দেওয়ার দাবিতে ওই গ্রামের কয়েক শ বাসিন্দা রংপুর-কুড়িগ্রাম সড়ক অবরোধ করে। এ সময় সড়কের উভয় পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। সকাল ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রংপুর বি সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রেজাউল করিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ জনগণ লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মজিবর রহমান, উপপরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিকসহ চার পুলিশ এবং আরও ১১ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গ্রামবাসীকে লাঠিপেটা করে এবং পাঁচটি টিয়ার গ্যাসের শেল ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ১৫ জন গ্রামবাসীকে গ্রেপ্তার করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম হোসেন বলেন, পুলিশের ওপর গ্রামবাসীর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।