কাউনিয়ায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
রংপুরের কাউনিয়া উপজেলায় ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এ ছাড়া সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে সহকারী শিক্ষকের পদ খালি আছে। ফলে এসব বিদ্যালয়ে পাঠদানসহ বিভিন্ন প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৭টিতে প্রধান শিক্ষক নেই। বিদ্যালয়গুলো হলো চরমোবাদিলা, উত্তর ঠাকুরদাশ, ঠাকুরদাশ, চরনাজিরদহ, চরঢুষমারা, পশ্চিম শিবু বটতলা, নাজিরদহ, রামচন্দ্রপুর, পাঞ্জরভাঙ্গা, তেলীপাড়া, চরগনাই হয়বৎখাঁ, আরাজি শাহাবাজ, রামনাথ আজাদ, পূর্ব চান্দঘাট, চারুভদ্র, উত্তর সাব্দী মৌলটারী ও চণ্ডীপুর উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এ ছাড়া সারাই, শাখারীপাড়া, ভিতরকুঠি, ভাঙ্গামাল্লি, চরগনাই হয়বৎখাঁ, আরাজি সাহাবাজ ও রামনাথ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে।
চরগনাই হয়বৎখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিদুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ে মোট ২০৫ জন শিক্ষার্থী। পাঁচজন শিক্ষকের অনুমোদিত পদ থাকলেও দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছেন তিনজন। এর মধ্যে আমাকে প্রায় দিনই অফিশিয়াল কাজে উপজেলা শিক্ষা কার্যালয়ে যেতে হয়। তখন দুজন শিক্ষক শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করতে গিয়ে সমস্যায় পড়েন। শূন্যপদ পূরণ করার জন্য উপজেলা শিক্ষা কার্যালয়ে আবেদন করার পরও কোনো কাজ হয়নি।’
ভিতরকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বুলবুল প্রামাণিক বলেন, ‘বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ অনুমোদিত পদ ছয়টি। এর মধ্যে প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। শিক্ষক নাসরিন শিক্ষা প্রশিক্ষণে আছেন। বিদ্যালয়ে বর্তমানে আমিসহ কর্মরত আছি তিনজন। শিক্ষকসংকটে ২৩৮ জন শিক্ষার্থীকে পাঠদানে সমস্যা হচ্ছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও শূন্যপদ পূরণে পদক্ষেপ নেই।’
আরাজি সাহাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, এই বিদ্যালয় থেকে ২০১৫ সালের ২৬ মার্চ প্রধান শিক্ষক মকবুল হোসেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বদলি হন। এরপর থেকে তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়ে তিনজন শিক্ষক দিয়ে চলছে ১৪৪ জন শিক্ষার্থীর পাঠদান। প্রধান শিক্ষক না থাকায় প্রশাসনিক কাজে সমস্যা দেখা দিচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান গতকাল মঙ্গলবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘প্রধান শিক্ষকের পদোন্নতি দীর্ঘদিন ধরে বন্ধ। শূন্যপদ পূরণের বিষয়টি সরকারি সিদ্ধান্ত। এখানে আমার কিছু করার নেই।’