কাউন্টার বন্ধ, আগাম টিকিট দেওয়া হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণাঞ্চলের ৪১টি রুটে চলাচলকারী লঞ্চের কেবিনের টিকিট পাচ্ছেন না যাত্রীরা। যাত্রীদের সুবিধার্থে সদরঘাট টার্মিনালে আগাম টিকিট বিক্রির জন্য কাউন্টার থাকলেও সেখানে টিকিট বিক্রি করা হচ্ছে না। ঈদ উপলক্ষে ৮ সেপ্টেম্বর থেকে বিশেষ লঞ্চ সার্ভিস শুরু হবে।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে সদরঘাটের নতুন টার্মিনাল ভবনে আগাম টিকিট বিক্রির প্রায় সব কটি কাউন্টার বন্ধ দেখা গেছে। এ সময় শুধু মেসার্স পদ্মা ওয়াটার ওয়েজ কোম্পানির পূবালী লঞ্চের একটি কাউন্টার খোলা পাওয়া যায়।
মিরপুর ১৪ নম্বর থেকে আসা সোহরাব হোসেন (৪০) বলেন, ‘৯ সেপ্টেম্বর বরিশাল যাব। পারাবত-১১ লঞ্চের প্রথম শ্রেণির ডাবল কেবিনের আগাম টিকিটের জন্য গেলে লঞ্চের কর্মচারী বলেছেন কেবিন খালি নেই। মাস্টার রুমের ভাড়া পড়বে ৩ হাজার ৫০০ টাকা।’
যাত্রাবাড়ী থেকে আসা ব্যাংক কর্মকর্তা আবদুর রশিদ (৪২) জানান, সুরভী-৯ লঞ্চে আগামী ৮ সেপ্টেম্বরের টিকিটের খোঁজ নিতে গেলে লঞ্চের এক কর্মচারী জানিয়েছেন, ঈদের ৫ দিন আগে থেকেই কোনো কেবিন খালি নেই। প্রথম ও দ্বিতীয় শ্রেণির কেবিনের আগাম টিকিট তাঁদের কাছে নেই। কেবিনের অগ্রিম টিকিট বরিশাল থেকে দেওয়া হচ্ছে। আবদুর রশিদ আক্ষেপ করে প্রথম আলোকে বলেন, ‘আমি থাকি ঢাকায়। অথচ আমাকে বলছে বরিশাল থেকে টিকিট সংগ্রহ করার জন্য। টার্মিনালে আগাম টিকিটের জন্য আলাদা কাউন্টার থাকলেও সেগুলো বন্ধ রয়েছে। তাহলে আমরা টিকিট পাব কীভাবে?’
গুলশান থেকে আসা ব্যবসায়ী এরফান মিয়া (৫২) আগামী ১০ সেপ্টেম্বরের টিকিট কাটতে এসেছিলেন। হুলারহাটে যাওয়ার জন্য অভিযান-৭ লঞ্চের কেবিনের টিকিটের জন্য খোঁজ নিতে গেলে লঞ্চের কর্মচারী তাঁকে ঈদের আগে কোনো কেবিন খালি নেই বলে জানান। তিনি বলেন, ‘সকাল নয়টার দিকে টার্মিনালে এসে কয়েকটি লঞ্চে খোঁজ নিয়েছি কিন্তু কেবিনের টিকিট পেলাম না। দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করলাম, কাউন্টার বন্ধ থাকায় চলে যাচ্ছি।’
অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার সহসভাপতি সাহাবুদ্দিন বলেন, ঈদে কেবিনের যাত্রীর চাপ বেশি থাকে। যাঁরা নিয়মিত লঞ্চে যাতায়াত করেন, তাঁরা আগে থেকেই টিকিট বুকিং দিয়েছেন। তবে নতুন টার্মিনাল ভবনের কাউন্টার থেকে কিছু কিছু লঞ্চে আগাম টিকিট বুকিং নেওয়া হচ্ছে।
নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন বলেন, ৮ সেপ্টেম্বর থেকে ঈদ উপলক্ষে বিশেষ লঞ্চ চলাচল শুরু হবে। নদীপথে যাত্রীদের নিরাপদে বাড়ি ফেরার জন্য বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নেবে।