ঢাকা-বরিশাল লঞ্চ
কাউন্টারে গেলেই মিলছে টিকিট
পদ্মা সেতু চালুর পর এবার ঈদে লঞ্চের কাউন্টারে কেবিনের টিকিটের জন্য যাত্রীদের ভিড় নেই। লঞ্চে ঈদযাত্রা নির্বিঘ্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পদ্মা সেতু চালুর পর এবার ঢাকা-বরিশাল নৌপথে যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন হতে পারে। এবার ঈদে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট পেতে কোনো দৌড়ঝাঁপ নেই, কারও কাছে তদবির করতে হচ্ছে না। লঞ্চের কাউন্টারে এসে চাহিদামতো টিকিট পাচ্ছেন যাত্রীরা। ঈদ উপলক্ষে এবার টিকিটের দামও বাড়েনি। বরং কেবিন ও ডেকের টিকিটের মূল্য আগের তুলনায় কম।
যাত্রীরা বলছেন, পদ্মা সেতু চালুর পর সড়কপথে কম সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করছেন এই অঞ্চলের মানুষ। এতে লঞ্চে যাত্রী কমে গেছে। এতে যাত্রী ধরে রাখতে কেবিন, ডেকের ভাড়া কমিয়ে দিয়েছেন। তাঁদের কাছে যাত্রীদের কদরও বেড়েছে।
ঢাকায় একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর এলাকার জয়নাল আবেদীন। তিনি গতকাল মঙ্গলবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঈদ উপলক্ষে ৭ জুলাই তিনি গ্রামের বাড়িতে আসবেন। এ জন্য গত সোমবার একটি লঞ্চের সিঙ্গেল কেবিনের টিকিট নিয়েছেন। কাউন্টারে কোনো ভিড় নেই। টিকিট পেতে কোনো ঝামেলা হয়নি। আগে দেড় হাজার টাকার নিচে ঈদের সময় সিঙ্গেল কেবিন মিলত না। এবার ১ হাজার টাকায় কেবিন পেয়েছেন।
বরিশালে বিএম কলেজ এলাকার জিনাত জাহান ও মাহবুবুল আলম দম্পতি রোববার ব্যবসায়িক কাজে ঢাকায় গেছেন। গতকাল আবার ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন। মাহবুবুল প্রথম আলোকে বলেন, ‘যাওয়ার সময় খুব স্বস্তিতে গেছি। ইচ্ছা ছিল, ফেরার সময় বাসে আসব। কিন্তু স্বস্তির কথা ভেবে আবার লঞ্চে বরিশালে ফিরছি। আগে কেবিনের যাত্রীদের তেমন কদর ছিল না। এখন কেবিনবয় এসে যাত্রীদের খোঁজখবর নেন।’
* যাত্রী টানতে কেবিন ও ডেকের ভাড়া কমানো হয়েছে * লঞ্চের স্টাফদের কাছে যাত্রীদের কদর বেড়েছে * যাত্রীদের চাপ থাকলে বিশেষ সার্ভিস চালুর প্রস্তুতি রাখছেন মালিকেরা
প্রতিবছর ঈদের এক সপ্তাহ আগে ঢাকা-বরিশাল নৌপথে চলাচলকারী লঞ্চগুলোর কাউন্টারে অগ্রিম টিকিট পেতে যাত্রীদের ভিড় লেগে থাকত। কেবিনের টিকিট বিক্রির জন্য চাহিদাপত্র নিয়ে লটারির আয়োজন করা হতো। ফলে অধিকাংশ যাত্রী পেতেন না। টিকিট পেতে অনেকে প্রভাবশালী ব্যক্তিদের দিয়ে তদবির করাতেন। আবার কালোবাজারেও বেশি দামে টিকিট কিনতে হতো। এবার পরিস্থিতি ভিন্ন। বরিশাল নগরের প্যারারা রোডে গতকাল লঞ্চগুলোর কাউন্টার ঘুরে দেখা যায়, যাত্রীদের কোনো ভিড় নেই। মাঝেমধ্যে দুই-একজন যাত্রী আসছেন এবং চাহিদামতো আগাম টিকিট নিয়ে যাচ্ছেন।
আলমগীর হোসেন নামের এক যাত্রী বলেন, ‘আমার এক স্বজন পরিবার নিয়ে ৮ জুলাই ঢাকা থেকে বরিশাল আসবেন। তাই টিকিট নিতে এসেছিলাম। নির্বিঘ্নে টিকিট পেয়ে গেছি। দামও আগের চেয়ে ৪০০ টাকা কম।’
সুরভী লঞ্চের কাউন্টারের ব্যবস্থাপক মো. অভি বলেন, যাঁরাই আসছেন, টিকিট পাচ্ছেন। একই কথা জানালেন মানামী ও অ্যাডভেঞ্চার লঞ্চের কাউন্টারের ব্যবস্থাপক মো. রিপন ও মো. সোহাগ।
লঞ্চমালিকদের একটি সূত্র জানায়, পদ্মা সেতু দিয়ে যানবাহন চালুর পর বরিশাল-ঢাকা নৌপথে চলাচলকারী লঞ্চে যাত্রীর সংখ্যা আশঙ্কাজনক কমে যায়। তাঁদের ধারণা, সেতু চালুর পর নৌপথে অন্তত ৪০ শতাংশ যাত্রী কমে গেছে।
এ অবস্থায় এবার ঈদের বিশেষ সার্ভিস নিয়ে কোনো তোড়জোড় নেই। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের চাপ বাড়লে অবস্থা বুঝে বিশেষ সেবা চালুর প্রস্তুতি নিয়ে রেখেছেন লঞ্চমালিকেরা। সেক্ষেত্রে আগামী ৭ থেকে ৯ জুলাই বিশেষ সার্ভিস চালু থাকবে। এ সময়ে লঞ্চগুলো ডাবল ট্রিপ দেবে। আবার ঈদের পর ১৫ ও ১৬ জুলাই বরিশাল প্রান্ত থেকে ডাবল ট্রিপে যাত্রী পরিবহন করা হবে। গত ঈদুল ফিতরে ঢাকা-বরিশাল সরাসারি ও ভায়াপথে ২৩টি লঞ্চ বিশেষ সার্ভিস ছিল। এবার বিশেষ সার্ভিসে কতটি লঞ্চ থাকবে, তা এখনো ঠিক হয়নি। যাত্রীদের চাপের ওপর তা নির্ভর করছে।
প্রতিবছর নৌপথে ঈদের আগে–পরে ১০ দিন বিশেষ সার্ভিস দেওয়া হতো। এ জন্য লঞ্চগুলোর কেবিনের অগ্রিম টিকিট এক সপ্তাহ আগে বিক্রি শুরু হতো।
এই পথে চলাচলকারী সুরভী শিপিং লাইন্সের পরিচালক রিয়াজ উল কবির প্রথম আলোকে বলেন, এবার ঈদে যাত্রীদের চাপ থাকবে না। তারপরও ঈদের আগে ও পরে সরাসরি ১২টি লঞ্চ বিশেষ সার্ভিসের জন্য প্রস্তুত আছে।
রিয়াজ বলেন, পদ্মা সেতু চালুর পর শুরুতে লঞ্চের যাত্রী ৪০ থেকে ৪৫ ভাগ কমেছিল। এখন কিছুটা বেড়েছে। তবে লঞ্চে স্থায়ীভাবে ২০ থেকে ২৫ শতাংশ যাত্রী কমতে পারে।
কমেছে ভাড়া
নৌপথে যাত্রীর সংখ্যা কমে যাওয়ায় লঞ্চে সাড়ে ৩৫০ টাকার ডেকের ভাড়া কমিয়ে ২০০ টাকা করা হয়েছে। ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৬০০ টাকার ডাবল কেবিন ১ হাজার ৮০০ থেকে ২ হাজার এবং দেড় হাজার টাকার সিঙ্গেল কেবিন ৮০০ থেকে ১ হাজার টাকা ভাড়া নেওয়া হচ্ছে। তবে মালিক সমিতি ভাড়া কমানোর আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি।
লঞ্চমালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ যাত্রী পরিবহন সংস্থা (যাপ) সূত্র জানায়, এবার ঈদে নৌপথে যাত্রীদের চাপ না থাকলেও ঈদযাত্রার যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছেন লঞ্চমালিকেরা। ৭, ৮ ও ৯ জুলাই ঢাকা প্রান্ত থেকে এবং ১৫ ও ১৬ জুলাই বরিশাল থেকে ঈদের বিশেষ সার্ভিস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মালিকেরা। তবে পুরো বিষয়টিই নির্ভর করবে যাত্রীদের চাপের ওপর।
সুন্দরবন নেভিগেশনের মালিক মো. সাইদুর রহমান বলেন, ‘ঈদে পরিস্থিতির ওপর নির্ভর করছে বিশেষ সার্ভিসের। আমরা লঞ্চগুলো স্ট্যান্ডবাই রাখব।’ তিনি বলেন, সরাসরি ১২টি, ভায়াসহ ২৩টি লঞ্চে সোফা ও কেবিন মিলিয়ে ২ হাজার ২০০ আসন রয়েছে।