রংপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী রংপুর এক্সপ্রেসের অগ্রিম টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে। স্টেশনের কাউন্টার থেকে জানানো হচ্ছে, ৯ সেপ্টেম্বর পর্যন্ত সব টিকিট বিক্রি হয়ে গেছে। তবে কালোবাজারে বেশি দামে টিকিট পাওয়া যাচ্ছে।
ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, ট্রেনের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে একটি চক্র কালোবাজারে টিকিট বিক্রি করছে।
গত বুধ ও গতকাল বৃহস্পতিবার রংপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ঢাকায় যাওয়ার জন্য টিকিটের খোঁজ করছেন অনেক মানুষ। টিকিট কাউন্টার থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ৯ সেপ্টেম্বর পর্যন্ত আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের সব টিকিট বিক্রি হয়ে গেছে।
গতকাল সকাল ১০টার দিকে স্টেশনের প্ল্যাটফর্মে কথা হয় শহরের মুলাটোল এলাকার বাসিন্দা জয়নাল আবেদীনের সঙ্গে। তিনি বলেন, ৯ সেপ্টেম্বরের টিকিট নিতে লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু ১০-১২টা টিকিট দেওয়ার পর কাউন্টার থেকে বলা হলো টিকিট শেষ। একই কথা বলেন শহরের ধাপ এলাকার বাসিন্দা রিয়াজুল করীম ও কেরানীপাড়া এলাকার ফজলার রহমান।
তাঁরা অভিযোগ করেন, সকাল ১০টার দিকে কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু হয়েছিল। কয়েকজন মাত্র টিকিট পেয়েছেন। কিছুক্ষণ পরই বন্ধ করে দেওয়া হলো কাউন্টার।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, প্ল্যাটফর্মের বাইরে অতিরিক্ত দামে টিকিট পাওয়া যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক শহরের গুড়াতিপাড়া এলাকার এক বাসিন্দা বলেন, ‘কাউন্টারে ৯ সেপ্টেম্বরের টিকিট পাইনি। পরে কালোবাজারে দুটি টিকিট কিনেছি। ৫০৫ টাকা দামের চেয়ার আসনের একটি টিকিটের জন্য ১ হাজার টাকা দিতে হয়েছে। আরও একটি কেনার চেষ্টায় আছি।’ তিনি আরও বলেন, ‘ঈদের ছুটিতে ছেলে ও বউ এসেছে। তাদের ঢাকায় যাওয়ার জন্য বাধ্য হয়ে এত বেশি দামে টিকিট কিনতে হচ্ছে।’
গত বুধবার ৮ সেপ্টেম্বরের টিকিট পেতে লাইনে দাঁড়িয়েছিলেন, কিন্তু টিকিট পাননি এমন কয়েকজনের সঙ্গেও কথা হয়েছে। শহরের নূরপুর এলাকার বাসিন্দা ইমতিয়াজ হোসেনের অভিযোগ, মাত্র ৯টি টিকিট দিয়ে কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছিল। টিকিটের জন্য গতকাল তিনি ফের স্টেশনে এসেছেন। প্ল্যাটফর্মের বাইরে ঘোরাঘুরি করছেন। তিনি বলেন, ‘হয়তো টিকিট পেয়ে যাব। তবে দ্বিগুণ টাকা লাগবে।’
রংপুর রেলওয়ে স্টেশন সূত্র জানায়, ঢাকার টিকিট রংপুর স্টেশন থেকে বরাদ্দ প্রথম শ্রেণি (বাথ) ১২টি, চেয়ার ৪৭টি ও সাধারণ ১১৬টি টিকিট। সব মিলিয়ে ১৭৫টি।
কালোবাজারে টিকিট বিক্রির অভিযোগ অস্বীকার করে রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক (সুপার) শেখ আবদুল জব্বার বলেন, ‘রংপুর বিভাগীয় শহরে এত মানুষের আগমন, কিন্তু টিকিট বরাদ্দের পরিমাণ কম। এখানে আমারই বা কী করার আছে?’