মুঠোফোনে আগেই জানিয়ে দিতে হয় টিকিটের চাহিদা। এরপর কালোবাজারির বলে দেওয়া নির্ধারিত স্থানে আসতে হয় ক্রেতাকে। কখনো ফুটপাতে দাঁড়িয়ে, আবার কখনো রিয়াজউদ্দিন বাজারের গলিতে চলে টিকিট কেনাবেচা। কাউন্টারে না মিললেও দুই-আড়াই গুণ দামে চট্টগ্রামের কালোবাজারে ট্রেনের টিকিট মেলে।গত সোমবার রাতে নগরের কোতোয়ালি থানাধীন চট্টগ্রাম রেলস্টেশন-সংলগ্ন এলাকা থেকে ২৩৫টি আসনের টিকিটসহ দুই কালোবাজারিকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার হওয়া কালোবাজারিদের মধ্যে লুৎফুর রহামন ওরফে জুয়েল (২৭) বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রহরী। তাঁর কাছ থেকে পাওয়া গেছে ২২৮টি আসনের টিকিট এবং টিকিট বিক্রির ২৫ হাজার ৯১০ টাকা।গ্রেপ্তার হওয়া অন্যজনের নাম মো. কবির (২৯)। উদ্ধার করা টিকিটগুলো ঢাকা-চট্টগ্রাম রেলপথের সুবর্ণ এক্সপ্রেস, মহানগর গোধূলী ও তূর্ণা নিশীথার। টিকিটগুলোতে ভ্রমণের তারিখ ছিল ২৬ থেকে ৩০ সেপ্টেম্বর।গ্রেপ্তার হওয়া দুজন গোয়েন্দা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, টিকিট কালোবাজারির সঙ্গে সুনীল ও সোলায়মান নামের রেলের আরও দুজন নিরাপত্তা প্রহরী জড়িত। তাঁদেরও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। তবে রিয়াজউদ্দিন বাজারের স্টেশন সড়ক অংশের কয়েকটি গলিতে টিকিট কালোবাজারির রমরমা ব্যবসা নিত্যদিনের চিত্র। রেলের নিরাপত্তা প্রহরী, কলেজের ছাত্র, টোকাই ও কিছু নারী প্রতিদিন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে চড়া দামে কালোবাজারে বিক্রি করে আসছে।চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তারেক আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘এই চক্রে আরও অনেকে জড়িত। অন্য দুই নিরাপত্তা প্রহরীর বিষয়ে খোঁজ নিচ্ছি। গত সোমবার রাতে অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন কালোবাজারি পালিয়ে যায়।’এডিসি তারেক আহম্মেদ আরও বলেন, ‘কাউন্টারে টিকিট না পেয়ে অনেক যাত্রী টেলিফোনে কালোবাজারি বন্ধ করতে আমাদের অনুরোধ করে আসছিল। গোপনে অনুসরণ করে টিকিট বিক্রির সময় হাতেনাতে রেলের নিরাপত্তা প্রহরীসহ দুজনকে আমরা গ্রেপ্তার করি।’ঢাকা-চট্টগ্রাম পথের নিয়মিত যাত্রী শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কাউন্টারে আমরা টিকিট তেমন পাই না। মুঠোফোনে যোগাযোগ করে রেলের নিরাপত্তাকর্মী লুৎফুর ওরফে জুয়েলের কাছে আমরা টিকিটের ফরমায়েশ দিয়ে থাকি। দুই-আড়াই গুণ দাম দিলেই জুয়েল আমাদের টিকিট দিতেন।’কালোবাজার থেকে টিকিট নেন এমন ব্যক্তিরা টেলিফোনে প্রথম আলোকে জানান, লুৎফুরসহ আরও কয়েকজন কালোবাজারি তূর্ণা নিশীথা ও মহানগর গোধূলী ট্রেনের ১৫০ টাকা মূল্যের শোভন আসনের টিকিট ৩৫০ থেকে ৪০০ টাকায় এবং শীতাতপনিয়ন্ত্রিত কক্ষের ৩৪৫ টাকা মূল্যের টিকিট ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি করে আসছিলেন। পাশাপাশি সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ১৬৫ টাকা মূল্যের শোভন চেয়ার ৪০০ টাকায় এবং ৩৮০ টাকা মূল্যের শীতাতপনিয়ন্ত্রিত কক্ষের টিকিট ৮০০ টাকায় পাওয়া যায়।রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা রোকনুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘টিকিট কালোবাজারির সঙ্গে আমাদের কিছু বুকিং ক্লার্ক জড়িত ছিলেন, যাঁদের আমরা বিদায়ী রেলমন্ত্রীর নির্দেশে অন্য জেলায় বদলি করেছি। এর পরও কালোবাজারি বন্ধ হয়নি, যার সঙ্গে রেলের কিছু নিরাপত্তা প্রহরী জড়িত। সোমবার রাতে জব্দ করা টিকিটগুলো কাউন্টারে যাত্রী সেজে কিনেছে কালোবাজারিরা। এভাবে পুলিশের অভিযান অব্যাহত থাকলে প্রকৃত যাত্রীদের কাছে টিকিট বিক্রি করা যাবে। এতে কালোবাজারিরাও নিরুৎসাহিত হবে।’বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট (চট্টগ্রাম) জহিরুল ইসলাম বলেন, ২৩ সেপ্টেম্বর থেকে লুৎফুর কর্মস্থলে অনুপস্থিত। এ কারণে তাঁর বিরুদ্ধে বিভাগীয় অভিযোগপত্র দেওয়া হয়েছে। টিকিট কালোবাজারির ঘটনায় বাহিনীর ভাবমূর্তি নষ্ট হওয়ায় তাঁকে অপসারণের প্রক্রিয়া শুরু হয়েছে। অন্য কোনো প্রহরী জড়িত কি না, তা তদন্ত করে দেখা হবে।