কাউন্সিলর আসাদুর রহমান মেয়রের দায়িত্ব নিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিলেন আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।
বিএনপি নেতা ও নির্বাচিত মেয়র এম এ মান্নান কারাগারে থাকায় তাঁর অনুপস্থিত সময়ের জন্য তিনি মেয়রের দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
গাজীপুর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী এম এ মান্নান। বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় গত ১১ ফেব্রুয়ারি সিটি মেয়র এম এ মান্নানকে ঢাকার বারিধারার নিজ বাসা থেকে গাজীপুর থানা ও গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। এর পর থেকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। মেয়রের অনুপস্থিতিতে প্যানেল মেয়রের দায়িত্ব পালনের বিধান থাকলেও প্যানেল মেয়র নির্বাচন নিয়ে আইনি জটিলতা থাকায় প্যানেল মেয়রের ওই দায়িত্ব গ্রহণ করতে দেরি হয়। পরে উচ্চ আদালতের নির্দেশে স্থানীয় সরকার বিভাগ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ আসাদুর রহমানকে প্যানেল মেয়র মনোনীত করে সব আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার ক্ষমতা অর্পণ করে গত ৫ মার্চ এ সংক্রান্ত এক আদেশ জারি করে।
গতকাল রোববার সকালে গাজীপুর সিটি করপোরেশনের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ওই দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান মাহমুদ, সচিব আমিনুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলরবৃন্দ, দলীয় নেতা-কর্মী। এ সময় দলীয় কাউন্সিলর ও নেতা-কর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, মেয়র কারাগারে থাকায় এবং প্যানেল মেয়রের জটিলতা দূর হওয়ায় ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন প্যানেল মেয়র আসাদুর রহমান।